টসে জিতে প্রথমে ব্যাটিং ভারতের, ৮ ওভারে ৭২/১
অসাধু টিকিট-চক্রের ধরপাকড়কে পিছনে ফেলে স্বমহিমায় ইডেন গার্ডেন্স। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে উন্মাদনা কলকাতায়। বিসিসিআইয়ের জোড়া টুইট তাতিয়েছে ক্রিকেটপ্রেমীদের। এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে সকাল ৯টা নাগাদ বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করে বিসিসিআই। বিরাটের ছবি সমেত সেই শুভেচ্ছায় শোভা পাচ্ছে ব্যাটার ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি-কীর্তি!


এরপর দুপুর ১২টা ২৪ নাগাদ, ইডেন গার্ডেন্সে আজকের ম্যাচ নিয়ে টুইট করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক্স হ্যান্ডলের সেই বার্তায় তাদের বিবৃতি, ‘ম্যাচ মোডে কলকাতা!’

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত-বাহিনী। পরিসংখ্যান বলছে, গত ৫টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা গত ৫টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে হার স্বীকার করেছে। ফলে মহানগরীর ময়দানে লড়াইটা প্রায় সমানে-সমানে।
দুপুর ২টো থেকে বিশ্বকাপের ৩৭ তম ম্যাচে জমে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। ৮ ওভারে রোহিত শর্মার উইকেট খুইয়ে স্কোর ৭২। ক্রিজে রয়েছেন শুভমান ও বিরাট।
বিরাট-অনুরাগীদের প্রত্যাশা, জন্মদিনেই একদিবসীয় ক্রিকেটে ৪৯ শতরানের শচীন-রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। ক্রিকেটের খাতায় কিংবদন্তী রচনার জন্য এরচেয়ে সুন্দর মহৎ মঞ্চ ও এ-অপেক্ষা অধিক শুভক্ষণ আর কীই-বা হতে পারে!
