মুখ সরিয়ে দিলেও প্রশ্ন এড়ানো যাবে কি?
‘আদানি-বিজেপি আঁতাতের আঁতে ঘা দেওয়া’ বিস্ফোরক প্রশ্নগুলো আর কি শোনা যাবে লোকসভাতে? মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রস্তাবে এথিক্স কমিটির ৬-৪ ভোটাভুটির ফলাফল এই প্রশ্নের উত্তরকে নিশ্চিতভাবে টেনে নিয়ে যাচ্ছে ‘না’-এর দিকে!
কিন্তু আজ ভোটাভুটির জন্য যে প্রস্তাব আনা হয়েছে, এথিক্স কমিটির সেই ৫০০ পাতা গতকাল কী ভাবে এনডিটিভির (NDTV) হাতে পৌঁছল? প্রশ্নটা হাওয়ায় ঘুরছে। খোদ এথিক্স কমিটিকে কাঠগড়ায় তুলে এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতি তীব্র কটাক্ষ হেনে এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে এই প্রশ্নে আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদও। লোকসভার অধ্যক্ষকেও বিষয়টি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ, দমছেন না মহুয়া মৈত্র (Mahua Moitra)।

গতকাল এনডিটিভির হাতে পৌঁছে যায় এথিক্স কমিটির ৫০০ পাতার রিপোর্ট! তা নিয়ে খবরও করে তারা। সেই সূত্রে প্রকাশ—
- মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হোক, চায় এথিক্স কমিটি
- মহুয়ার কার্যকলাপ ‘অপরাধমূলক’, মনে করছে এথিক্স কমিটি
- লোকসভা আইডির অপব্যববহারে জড়িত সাংসদ, মত এথিক্স কমিটির
- অননুমোদিত ব্যক্তি আইডি ব্যবহার করেছেন, নিশ্চিত এথিক্স কমিটি
- টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন (‘cash-for-query’), অভিযোগের সারবত্তায় মত এথিক্স কমিটির
- মহুয়ার অপরাধকে গুরুতর বলে ভাবা হচ্ছে
- গুরু অপরাধে গুরুদণ্ডের পক্ষেই এথিক্স কমিটি
- কেন্দ্রকে সময়-মাপা তদন্তের (‘time-bound investigation’) প্রস্তাব দিতে চলেছে এথিক্স কমিটি
এনডিটিভি থেকে এই খবর স্বভাবতই বিদ্যুতের গতিতে অন্যান্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কংগ্রেস (Congress) ও সিপিআইএম (CPIM) এই ইস্যুতে মহুয়া মৈত্রর পাশে দাঁড়ায়। তাদের যুক্তিতে সামনে চলে আসে এথিক্স কমিটির দ্বিচারিতা।
©’Sujon Chakraborty’|Jayantanth|CC BY-SA 3.0|edited
অনেকটা দেরিতে হলেও, শেষপর্যন্ত দলের সাংসদের সমর্থনে সরাসরি সোচ্চার হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে এথিক্স কমিটির (Ethics Committee) ভোটাভুটি কার্যত নিশ্চিত করে দিল মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রায় একমুখী ভবিষ্যৎ। এই প্রসঙ্গে সাংসদ মহুয়া মৈত্রর প্রতিক্রিয়া:
‘এটা কোনও আশ্চর্যের ব্যাপার নয়। কোনও বিস্ময়কর পরিণামও নয়। এটা ক্যাঙারু কোর্টের পূর্বস্থিরীকৃত খেলা। কিন্তু দেশের জন্য বড় বার্তা হল এই যে, সংসদীয় গণতন্ত্রের মৃত্যু ঘটে গিয়েছে।’
মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ
মহুয়ার আরও মন্তব্য:
‘যদি ওঁরা আমার সংসদ পদ খারিজও করে দেয়, তাহলেও আমি পরবর্তী লোকসভা নির্বাচনে আরও বেশি গণরায় নিয়ে ফিরব।’
মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ
তবে এদিনের ভোটাভুটি অন্যরকম ফলও দেখাতে পারত। নামেই কংগ্রেস সাংসদ, আদতে স্বামী-সূত্রে বিজেপিপন্থী, প্রণীত কাউর (Praneet Kaur) মহুয়ার সাংসদ পদ খারিজের পক্ষে ভোট না দিলে, ফলাফলটা দাঁড়াত ৫-৫! কিন্তু তা হল না। এবং তা হল না বলেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি-বিরোধিতায় কংগ্রেসের আন্তরিকতা, গুরুত্ব বিবেচনা, দায়বদ্ধতা ও দলীয় ঐক্য নিয়ে।
©’Moitra in Goa, 2021’|Tristanvicoaiu|CC BY-SA 4.0|trimmed|cover image
