‘দিল্লির চাপ আছে,’ কিন্তু হাতে প্রমাণ নেই ইডির?

বেআইনি শিক্ষক নিয়োগের তদন্তে ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি।

এবার অবশ্য অন্যান্য বারের মতো লম্বা হয়নি কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ। দুপুর ১২টা নাগাদ ইডির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

‘তদন্তের সহযোগিতায় বারবার আসব,’ বললেন অভিষেক

আত্মবিশ্বাসী অভিষেক জানান, কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে বিস্তারিত নথি তুলে দিয়েছেন তিনি। এতেও সন্তুষ্ট না হয়ে আবারও তলব করলে ইডির দফতরে হাজিরা দিতে যে তাঁর আপত্তি নেই, তাও পরিষ্কার করে দেন অভিষেক। সাংবাদিকদের কাছে তাঁর মূল বক্তব্য:

  • ‘আমার লুকোনোর কিছু নেই, যতবার ইচ্ছে ইডি ডাকুক, হাজিরা দেব’
  • ‘লড়তে না পারলেই কেন্দ্রীয় এজেন্সি লাগাচ্ছে বিজেপি, মানুষের কাছে এটা পরিষ্কার’
  • ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মানুষ সব দেখছেন, তাঁরা বোকা নন’
  • ‘আমার বিরুদ্ধে ইডির হাতে কিছু নেই, থাকলে আদালতে তথ্যপ্রমাণ পেশ করুক’
  • ‘নেই বলেই হাইকোর্ট সুরক্ষা দিয়েছে, কয়লাকাণ্ডে সুপ্রিম কোর্টও দিয়েছে সুরক্ষা’
  • ‘কিছু প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চ তৈরি করুন, নিজেই দড়ি গলায় নিতে প্রস্তুত’
—অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস