নানার কি মতিভ্রম হল?

‘সাফাই গেয়ে’ আরও বিড়ম্বনায় পাটেকর!

একটি বাচ্চা ছেলে আপনার সঙ্গে সেলফি তুলতে চেয়েছে, তার বেশি তো কিছু নয়! তাতেই আপনার মেজাজ এত চোটে গেল যে, ছেলেটার মাথায় থাবড়া দিয়ে বসলেন? সেলিব্রিটি বলে কি কাণ্ডজ্ঞান থাকতে নেই! সামাজিক মাধ্যমে ১০ সেকেন্ডের ভাইরাল ভিডিও ঘিরে নানা পাটেকরকে এইসব প্রশ্নেই বিদ্ধ করছিলেন নেটিজেনরা।

বিব্রত হচ্ছিলেন অভিনেতা। শেষে থাকতে না পেরে, এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে যে ‘অজুহাত’ খাড়া করে বসলেন, পরিণামে তা বিড়ম্বনা কমানোর পরিবর্তে বাড়াল অধিক। নানা পাটেকর লেখেন, ‘সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়েছে, তার ভুল ব্যাখ্যা করছেন অনেকে। আসলে আমার আসন্ন চলচ্চিত্র ‘জার্নি’র মহড়া চলছিল। সে’সময় একটা ভুল বোঝাবুঝি হয়। ভাইরাল ভিডিওয় সেটাই ধরা পড়েছে।’

মুশকিল হল, নানা পাটেকারের এই ব্যাখ্যায় চিঁড়ে ভিজছে না। মোটেই সন্তুষ্ট নয় নেটপাড়ার বাসিন্দারা। উল্টে এমন ব্যাখ্যাকে ‘মিথ্যা ভাষণ’ বলছেন তাঁরা। তাঁদের দাবি, কোনও ‘ভুল বোঝাবুঝি’ নয়। সেলফি তুলতে চাওয়াতেই মার খেয়েছে নাবালক। এমন অভিযোগের সারবত্তাও খুঁজে পাওয়া যাচ্ছে। পিটিআই (PTI) সূত্রে খবর, বারাণসীতে ‘জার্নি’ ছবির শুটিং চলাকালীন সত্যিই এক নাবালক অনুরাগী তাঁর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল। এবং তখন ওই ঘটনা ঘটে।

©Bollywood Hungama | wikimedia | CC BY 3.0 | cover image