ফলক স্বস্তির ঝলক

ফলকে লেখ নাম, সে-নাম সরে যাবে!

‘হটাও ফলক,’ বিশ্বভারতীতে দাবি উঠেছিল আগেই। এবার সেই ‘মূঢ়তার বিজ্ঞাপন’ সরিয়ে ফেলার নির্দেশ এলো খোদ শিক্ষামন্ত্রক থেকে। শুধু তাই নয়। পরের ফলকের কথাও বলা হয়েছে নির্দেশে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে এসে পৌঁছেছে পরের ফলকের লেখ্য বিষয়ও। পরবর্তী ফলকে আচার্য ও উপাচার্যের অনুপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের মন্ত্রকের তরফে।

ঘটনা জানাজানি হতেই শান্তিনিকেতনে স্বস্তির হওয়া। তবে বিস্মিত ‘দুর্জনের’ মাথায় এ প্রশ্নও ঘোরাঘুরি করছে যে, উপাচার্য পদ থেকে বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পরেই কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক শুভবুদ্ধি ও স্বাভাবিক বোধ ফিরে পেল কোন ম্যাজিকে?