অবাক বিচারপতি, বাড়ল সংকট

এবার কী করবেন রাজ্যের আইনমন্ত্রী?

রক্ষাকবচ তো দূরের কথা, উল্টে রাজ্যের আইনমন্ত্রীর কার্যকলাপে অবাক দিল্লি হাইকোর্ট। ইডি যেখানে ১২ বার ডেকে পাঠিয়েছে মলয় ঘটককে, সেখানে তাঁর উপস্থিতি মাত্র একবার!

বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রায়ের এই অবাক হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে চলে আসায়, আইনমন্ত্রীর পক্ষে পরিস্থিতি ঘোরালো হল। কয়লাপাচারকাণ্ডে ভবিষ্যতে ইডির ডাক ‘উপেক্ষা’ করার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল, বলা যায়।

অবশ্য দিল্লির পরিবর্তে কলকাতাতেই ইডির মুখোমুখি হওয়ার সুযোগ খোলা রইল। জিজ্ঞাসাবাদের জন্য স্থিরীকৃত সময়ের থেকে অন্তত ২৪ ঘণ্টার ব্যবধান রেখে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিশ ধরাবে ইডি। পাশাপাশি, নির্বাধ তদন্ত ও তদন্তকারীদের সুরক্ষার স্বার্থে রাজ্যের মুখ্যসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে জেলার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।