সামাজিক মাধ্যমে শামির পোস্ট!
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর, ১ ঘণ্টা আগে, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন মহম্মদ শামি। আইসিসি আয়োজিত এবারের ক্রিকেট বিশ্বকাপে যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এই ভারতীয় বোলার। ফাইনালেও প্রথমে ব্যাট করে সামান্য পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নামার পর, অস্ট্রেলিয়াকে প্রথম ঝটকা দিয়েছিলেন মহম্মদ শামিই। মাত্র ৭ রানে ডেভিড ওয়ার্নারকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ভারতকে ম্যাচে ফেরানোর একটা মরিয়া চেষ্টা করেছিলেন। তবে তাতে শেষ রক্ষা হয়নি।
এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে নরেন্দ্র মোদীর আলিঙ্গনের ছবি পোস্ট করে শামি আজ লিখেছেন—
দুর্ভাগ্যবশত গতকালের দিনটি আমাদের ছিল না। টুর্নামেন্ট জুড়ে আমাকে ও আমাদের দলকে সমর্থন করার জন্য সকল ভারতীয়কে কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষত ড্রেসিংরুমে এসে আমাদের উদ্দীপিত করার জন্য। আমরা ফিরে আসবই।
—মহম্মদ শামি

লেখার সঙ্গে যে ছবি শামি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহম্মদ শামিকে বুকে জড়িয়ে ধরেছেন। ক্যামেরাবন্দি আবেগঘন মুহূর্তটি নিঃসন্দেহে বড় বার্তা বহন করছে।
