কাতারের সামনে ভারতীয় ফুটবলের কাতর দশা!
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কাতারের কাছে ৩-০ গোলে পরাজিত ভারত। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-কাতার। ভারতের ফুটবলপ্রেমীরা বিশ্বমঞ্চে দেশের উত্থান নিয়ে যতই স্বপ্ন দেখুন, বাস্তব কিন্তু ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছে। সাম্প্রতিক অতীতের সাফল্য ফিকে হতে বেশি সময় নিচ্ছে না।
মঙ্গলবার খেলা শুরুর ৪ মিনিটের মাথায় ভারতের ঢাল ভেদ করে ঢুকে পড়েন মুস্তাফা মেশাল। ম্যাচ গড়াতে-না-গড়াতেই ১ গোল খেয়ে ধাক্কাটা সামলানো দুরূহ ছিল। পারফরম্যান্সের বিচারে অনেকটা এগিয়ে থাকা কাতারকে এমন পরিস্থিতিতে সমীহ করাই স্বাভাবিক। জয়ের গন্ধ পাওয়া দক্ষতর দলের থেকে দ্রুত পরবর্তী গোল খাওয়ার আশঙ্কা থাকে। ফলে প্রয়োজনের অতিরিক্ত গুটিয়ে যাওয়া বিচিত্র নয়। সেই দিক দিয়ে শক্ত স্নায়ুর পরিচয় দেন ভারতীয় ফুটবলাররা। মধ্যবর্তী বিরতির বাঁশি বাজার আগে পর্যন্ত কাতারকে আটকে দেওয়া সম্ভব হয়। এমনকি গোল পরিশোধেরও সম্ভাবনা ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ব্যর্থ হন অনিরুদ্ধ থাপা।
বিরতির পর খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যে ভারতকে দ্বিতীয় গোলটি দেয় কাতার। গোল করেন আলমোয়েজ আলি। এবং পরে পরিবর্ত হিসোবে মাঠে নামা ইউসুফ আবদুরিসাগের সৌজন্যে ঘটে কাতারের তৃতীয় গোল।
মঙ্গলবারের এই পরাজয় খুব যে অপ্রত্যাশিত, এমনটা নয়। তবে কমতে পারত গোলের ব্যবধান। প্রশ্ন উঠছে ভারতের গোলরক্ষক অমরিন্দর রণজিৎ সিংয়ের দক্ষতা নিয়ে। নির্ভরযোগ্য খেলোয়াড়দের আঘাত পেয়ে মাঠের বাইরে থাকা যেখানে ফুটবল-যুদ্ধে বড় একটা সংকটের জন্ম দিয়েছে ভারতীয় শিবিরে, সেখানে বাহিনী গঠনে ত্রুটি হয়েছে বলেও আঙুল তুলছেন সমালোচকরা।
Cover Image: AIFF
