নতুন প্রশিক্ষকের পথ পরিষ্কার…
শাস্ত্রী-পরবর্তী পর্বে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ২ বছরের চুক্তিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ হয়েছিলেন। সেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর। জল্পনা চলছিল, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আবারও রাহুল দ্রাবিড়কে দেখা যাবে কিনা।

পরবর্তী কোচ কে হতে চলেছেন, তা একপ্রকার ঠিক করে ফেলেছে বিসিসিআই (BCCI)। দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ কে হতে পারেন, সম্ভাবনার সেই তালিকায় ছিলেন বেশ কয়েকজন। অনিল কুম্বলে, বীরেন্দ্র সেহবাগেরও নাম শোনা গিয়েছিল। তবে সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। কোচের পদে আগ্রহ দেখিয়েছেন তিনি। বিশ্বকাপ চলাকালীন আহমেদাবাদে গিয়ে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে কথাও বলেছেন। সম্ভবত দক্ষিণ আফ্রিকা সফরে কোচ হিসাবে থাকতে চলেছেন তিনি।

দ্রাবিড় বিসিসিআইকে জানিয়েছেন, ‘তিনি পূর্ণ সময়ের কোচ থাকতে চান না আর। আগের মতো ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ( National Cricket Academy) প্রধান হিসাবে আবার কাজ করতে আগ্রহী। তাতে নিজের শহর বেঙ্গালুরুতেই থাকতে পারবেন। তবে মাঝেমধ্যে দলকে কোচিং করাতে পারেন। বোর্ড অবশ্য শেষবারের মতো রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবে।
