কাকে রেখে কাদের ছাড়ছে কেকেআর?
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এ’খবর এরমধ্যেই বাসি হয়ে গিয়েছে। বরং এখন যে জল্পনায় মুখর আইপিএল অনুরাগীরা, সেই প্রসঙ্গে আসি।

কথা হল, ২০২৩-এর বিশ্বকাপ-খেলা ৩ ক্রিকেটারকে রাখতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগামী ১৯ ডিসেম্বরের নিলামের আগে তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেকেআর (KKR) কর্তৃপক্ষ। রাসেলের (Andre Russell) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও, তাঁকে ২৪-এর প্রতিযোগিতাতেও কেকেআরের জার্সি গায়ে দেখা যাবে। গত আইপিএলে ভাল খেলতে পারেননি রাসেল। ব্যাট-বল, দুটোতেই হতাশ করেছিলেন সমর্থকদের। দাবি উঠেছিল তাঁকে দল থেকে বাদ দেওয়ার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডারের উপর এখনও আস্থা অটুট কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের। তাঁর জায়গায় বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে। যাঁদের মধ্যে একজন ভারতের, বাকি দু’জন নিউজিল্যান্ডের। শার্দুল ঠাকুর (Shardul Thakur), লকি ফার্গুসন (Lockie Ferguson) ও টিম সাউদিকে (Tim Southee) দলে রাখতে চায় না কলকাতা নাইট রাইডার্স।

গতবার নিলামে শার্দুলকে ১০ কোটি টাকা দিয়ে নিয়েছিল কেকেআর। ১১টি ম্যাচে মাত্র ৭টি উইকেট জমা হয় তাঁর ঝুলিতে। ব্যাট হাতে করেছিলেন সর্বসাকুল্যে ১৬৮ রান। অলরাউন্ডার হিসাবে হতাশ করেছিলেন সবাইকে।

ফার্গুসনও ৩টি ম্যাচে ১টি উইকেট নিয়েছিলেন আর ওভার প্রতি দিয়েছিলেন ১২ রান। সাউদি ২টি ম্যাচ খেলে ওভার প্রতি দিয়েছিলেন ১৩ রান!
