অধিবেশন ফের শুরু হলেই ‘যুদ্ধ’!
লোকসভার ওয়েলে নেমে তৃণমূল ও কংগ্রেস সাংসদদের বিক্ষোভ। মহুয়া মৈত্র বিষয়ক এথিক্স কমিটির রিপোর্টের কপি হাতে পাওয়ার দাবিতে শোরগোল ফেলে দেন তাঁরা। আপাতত দুপুর ২টো পর্যন্ত স্থগিত অধিবেশন। এরপর অধিবেশন শুরু হলেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এক্সপালশনের প্রস্তাব সম্বলিত এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে উত্তপ্ত হতে চলেছে লোকসভা।
অধিবেশন মুলতবি হওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া মৈত্র। তিনি জানান, ‘আপাতত মধ্যাহ্নভোজ। তারপর ফিরে আসি। যা ঘটার ঘটবে দুপুর দুটোর পর অধিবেশন শুরু হলে।’
শুক্রবারের অধিবেশন শুরুর আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ। তখন তিনি মন্তব্য করেন, ‘মা দুর্গা আবির্ভূত হয়েছেন। এরা কাপড় ধরে টানা শুরু করেছে। আমরা এবার মহাভারতের যুদ্ধ দেখব।’
