১৭-য় দিল্লিযাত্রা মুখ্যমন্ত্রীর

পাওনা মেটাতে রাজি হবে কেন্দ্র?

বাংলার প্রাপ্য বুঝে নিতে ডিসেম্বরেই প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী। অন্তত তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা ১৮ থেকে ২০ – চলতি মাসের এই ৩ দিনের মধ্যে যেকোনও দিন সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মমতা। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া টাকা আদায়ের জন্য মরিয়া চেষ্টা চালাতে তৎপর রাজ্য সরকার। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বিমুখ হলে, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় তার প্রভাব পড়বে, একথা বিলক্ষণ জানে রাজ্য বিজেপি। এমনকি বিজেপির অন্দরেই ভোটের স্বার্থে বাংলার প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে সম্প্রতি। এখন দেখার প্রধানমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর চিঠিতে কী পদক্ষেপ নেয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দিল্লি সফর বিভিন্ন কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওই সময় ইনডিয়া জোটের আটকে থাকা বৈঠক সংঘটিত হবে। সূত্রের খবর, আসন সমঝোতা সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে। মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের ইস্যুতে নতুন করে নৈকট্য তৈরি হয়েছে ইনডিয়া জোটের কংগ্রেস সহ শরিক দলগুলির মধ্যে। এমতাবস্থায় বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা যে ইস্যু হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। দেশে সাধারণ নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের মধ্যে সেই ইস্যু তৃণমূলকে দু’কদম এগিয়ে বই পিছিয়ে রাখবে না। সব মিলিয়ে তৃণমূল সুপ্রিমোর দিল্লি সফর এখন আগ্রহের কেন্দ্রবিন্দু রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে।