নতুন ভবনের নিরাপত্তা কোথায়?
অধিবেশন চলাকালীন লোকসভার (Lok Sabha) পাবলিক গ্যালারি থেকে সাংসদদের মাঝখানে ২-৩ জন যুবকের ঝাঁপ! এবং ঝাঁপ দেওয়ার পরই সাংসদদের আসন টপকে টপক অধ্যক্ষের দিকে এগোচ্ছিল তারা। ছড়াচ্ছিল হলুদ রঙের গ্যাস! আওয়াজ তুলছিল, ‘তানাশাহি বন্ধ করো।’ এমনকি, কয়েকজন সাংসদকে জুতোপেটা করতেও উদ্যত হয় তারা। তড়িঘড়ি অধিবেশন মুলতবি করে উঠে যান অধ্যক্ষ। দিশেহারা আতঙ্কিত সাংসদরা হুড়মুড়িয়ে লোকসভা কক্ষ থেকে বেরিয়ে আসেন। তৃণমূল সাংসদ শতাব্দী রায় সহ বেশ কয়েকজন আহত হন।
ধরা পড়েছে ২ অভিযুক্ত। কোন অভিসন্ধিতে এমন কাণ্ড ঘটিয়েছে তারা? কী তাদের পরিচয়? জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কীভাবে এমন ঘটনা সংসদের নিম্নকক্ষে? বিভ্রান্ত শাসক-বিরোধী উভয়পক্ষের সাংসদই। পাশাপাশি বিরোধী সাংসদরা প্রশ্ন তুলছেন নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে। পুরনো ভবনে অনেক বেশি নিরাপদ ছিলেন সাংসদরা, দাবি তাঁদের।
