কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাবিতেই সমস্যা?
লোকসভায় বুধবারের হাঙ্গামা নিয়ে তোলপাড় রাজ্যসভা (Rajya Sabha)। কংগ্রেস (Congress) ও তৃণমূল (Trinamool) সহ বিরোধী সাংসদরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। সাংসদদের নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) জবাব দাবি করেন তাঁরা। চেয়ারে তখন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

Image Courtesy: SANSAD TV
হাউস সচল রাখতে তিনি বারবার বিরোধীদের নানাভাবে ভর্ৎসনা করেন। এই ইস্যুতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভূমিকা নেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)।
উত্তেজনা উত্তরোত্তর বাড়তে থাকে। হাউস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে, চেয়ারম্যান জগদীপ ধনখড় সরাসরি ডেরেক ও’ ব্রায়েনকে অবিলম্বে কক্ষ ছেড়ে চলে যেতে নির্দেশ দেন।

Image Courtesy: SANSAD TV
বর্ষীয়ান কংগ্রেস সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) উদ্দেশে জগদীপ ধনখড় প্রশ্ন করেন, তিনি কি ডেরেক ও’ ব্রায়েনের আচরণ অনুমোদন করছেন?
পরে লিডার অফ দ্য হাউস বিজেপির পীযূষ গোয়েল (Piyush Goyal) তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের বিরুদ্ধে সাসপেনশনের মোশন আনেন। এরপর ধ্বনি ভোটে সেই প্রস্তাবে সিলমোহর পড়ে। ওয়েলে নেমে বিক্ষোভ ও স্লোগান দেওয়ায় চলতি অধিবেশনের পরবর্তী কালব্যাপী ডেরেক ও’ ব্রায়েনকে সাসপেন্ড করা হল বলে ঘোষণা করেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিরোধীরা তখন সমস্বরে ধ্বনি তোলেন, ‘তানাশাহি নেহি চালেগি।’
Cover Image Courtesy: Facebook/Derek O’Brien
