এত দিন বোকা বনেছিল ইজরায়েল!!
একেই বলে, পাহারাদারের নাকের ডগায় কার্যসিদ্ধি! এখন আর তেমন কার্যসিদ্ধি হওয়ার জো নেই বটে; কিন্তু দীর্ঘ সময় ধরে এমনটাই যে ঘটে আসছিল, তাও কি কম বিস্ময়ের ব্যাপার! বিস্মিত ইজরায়েল (Israel)। চোখ ছানাবড়া হওয়ার জোগাড় উন্নত আধুনিক প্রযুক্তিতে বলীয়ান দেশপ্রধানদেরও।
গাজা স্ট্রিপে (Gaza strip) সীমান্তের খুব কাছে সন্ধান মিলল হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গের। তার ভিতর প্রবেশের অনুমতি পেয়েছিলেন এএফপির (AFP) চিত্র সাংবাদিক। তিনি জানাচ্ছেন, সুড়ঙ্গের ভিতর দিয়ে ছোট গাড়িতে দিব্যি যাতায়াত করা যায়!

সুড়ঙ্গে ঢোকার রাস্তা বলতে অবশ্য আধ ইঞ্চি পুরু ধাতব পাতের তৈরি চোঙ।

তারপরই দেখা যাবে তাজ্জব ব্যাপার! কী নেই সেই সুড়ঙ্গের ভিতর? বিদ্যুৎ পরিষেবা, নিকাশী ব্যবস্থা, পয়ঃপ্রণালী, বায়ু চলাচলের বন্দোবস্ত – সবই পাকা! সুড়ঙ্গের দেওয়ালগুলো কংক্রিটের, মেঝে মাটির উপর বাঁধানো।

ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের মুখ ইরেজ (Erez) সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটারের মধ্যে। বহু শাখা সমন্বিত সুড়ঙ্গটি ৪ কিলোমিটারেরও বেশি দীর্ঘ! তার মধ্যে রয়েছে রেলপথও!

হামাসের শীর্ষনেতা ইয়াহিয়া সিনওয়ারের (Yahya Sinwar) ভাই তথা ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে হামলা চালানো খান ইউনিস ব্যাটালিয়নের (Khan Yunis Battalion) কমান্ডার, মোহামেদ ইয়াহিয়া (Mohamed Yahya) বহু অর্থ ব্যয় করে বেশ কয়েক বছর ধরে সুড়ঙ্গটি বানিয়ে ছিলেন। বিরাট এই সুড়ঙ্গ নির্মাণের সময় ভিডিওগ্রাফিও করেছিল হামাস বাহিনী। এখন সেই ভিডিও ইজরায়েলি সেনার (Israel Defense Forces) হাতে। তারই ফুটেজ তারা প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে।
তাদের দাবি, জীবিকা ও চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই ওই সুড়ঙ্গ ধরে গাজা স্ট্রিপ-ইজরায়েল যাতায়াত চলত গোপনে। সুড়ঙ্গের ভিতর বিপুল সংখ্যক অস্ত্রও মজুত করা হয়েছিল বলে ইজরায়েলি সেনা সূত্রে দাবি।
Image Courtesy: X/@IDF
