দফায় দফায় মুলতুবি সংসদের উভয় কক্ষ…
সংসদে হামলার ঘটনায় প্রতিবাদের জেরে সাসপেন্ড হওয়া বিরোধী দলের সাংসদরা এককাট্টা। সোমবার সকাল থেকে সংসদ চত্বরে হাজির তাঁরা। মকরদ্বারে ধরনা চালাচ্ছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)। সঙ্গে রয়েছেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। তাঁদের সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে। ধরনাকারীদের সঙ্গে অল্প সময়ের জন্য কথা বলতে দেখা যায় সানিয়া গান্ধীকেও (Sonia Gandhi)।
এদিকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবের দাবিতে সংসদের উভয় কক্ষে (Lok Sabha – Rajya Sabha) বিরোধীদের শোরগোল অব্যাহত। দফায় দফায় মূলতুবি হচ্ছে রাজ্যসভা।

লোকসভার অবস্থাও তথৈবচ। কেবল সাসপেনশনের পথ ধরে সংসদ যে সচল রাখা যাবে না, তা বি বিলক্ষণ বুঝছেন দুই কক্ষের স্পিকাররা। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) এদিন মন্তব্য করেন, ‘শীতকালীন অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা বাকি রয়েছে। ওয়েলে নেমে বিক্ষোভ সংসদকক্ষের পক্ষে মর্যাদাহানিকর। লোকসভায় হাঙ্গামার ঘটনায় অনর্থক রাজনীতি করছেন বিরোধী সাংসদরা।’

কিন্তু লোকসভার অধ্যক্ষের বচনে কাজের কাজ কিছু হয়নি। সেখানেও মুলতবি হয়ে যায় অধিবেশন। ফলে সংসদের উভয় কক্ষেই শীতকালীন অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সংসদে সশরীরে হাজির হয়ে নিরাপত্তার প্রশ্ন বিবৃতি না দিলে, ডামাডোল চলবে।
Image Courtesy: SANSAD TV
