সংকটাপন্ন বিষ-জর্জরিত দাউদ!

খবর আটকাতে তৎপর পাক প্রশাসন…

কী ঘটছে পাকিস্তানে? দাউদ ইব্রাহিমকে বিষ? ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, বহু সন্ত্রাসের নাটের গুরু দাউদের শারীরিক পরিস্থিতি সংকটজনক। করাচিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার শরীরে বিষের সংক্রমণ ঘটায় বলে শোনা যাচ্ছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)।

এই খবর ঘিরে সামাজিক মাধ্যমে ভারতীয়দের কৌতূহলী প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ছড়িয়েছে মৃত্যুর রটনাও। অনেকেই স্মরণ করেছেন ১৯৯৩ সালে মুম্বই হামলার রক্তাক্ত দিনের কথা। কম করে ১২টি প্রাণঘাতী বিস্ফোরণে সেদিন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ২৫০-র বেশি নিরীহ মানুষ। জখম হয়েছিলেন সহস্রাধিক ভারতীয়। মূলচক্রী দাউদ ইব্রাহিম পালাতে সমর্থ হলেও, ধরা পড়েছিল তার সাগরেদ ইয়াকুব মেমন (Yakub Memon)। পরে তাকে ফাঁসিতে লটকায় ভারত। দাউদ ইব্রাহিম আশ্রয় নেয় পাকিস্তানে। বারবার বলা সত্ত্বেও দাউদকে ভারতের হাতে তুলে দেয়নি ইসলামাবাদ। ফলে ভারতীয়দের মনে এক স্থায়ী ক্ষতের জন্ম হয়। ভারত-পাক সম্পর্কেরও অবনতি হয়। এখন দাউদ ইব্রাহিমের নির্মম পরিণতির খবরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভুক্তভোগী এদেশের নাগরিকরা বিমর্ষ হওয়ার বিন্দুমাত্র কারণ খুঁজে পাচ্ছেন না। বরং ‘আশ্বস্ত’ হচ্ছেন বলা যায়।

তবে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর এখনও পর্যন্ত কোনও সূত্রেই সমর্থিত নয়। সতর্ক ইসলামাবাদ। কড়া নিরাপত্তা বলয়ে সে’দেশের একাধিক শহর। নিষ্ক্রিয় সবরকম সামাজিক মাধ্যম। ‘আত্মীয়তা সূত্রে দাউদ-ঘনিষ্ঠ’ প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদকে (Javed Miandad) এরই মধ্যে গৃহবন্দি করা হয়েছে বলে শোনা যাচ্ছে।