‘ইনডিয়া’র ৪র্থ বৈঠকে ঐকমত্য শরিকরা

২২ ডিসেম্বর দেশ জুড়ে ‘সাসপেনশন’-প্রতিবাদ

মঙ্গলবার পূর্বাভাস মতোই জাতীয় রাজনীতির সবটুকু মনোযোগ ঘুরে গেল দিল্লিতে ‘ইনডিয়া’ জোটের (INDIA Bloc) চতুর্থ বৈঠকের দিকে। তবে তার আগে সোমবারের ধারা বজায় রেখে এদিনও সংসদে সাসপেনশনের ধারা রইল অব্যাহত। তাতে মোদী বিরোধী জোটের বৈঠকের গুরুত্ব আরও বাড়ল বই কমল না। তার প্রমাণও মিলল হাতেনাতে। ‘ইনডিয়া’ ব্লকের মুখ তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই সিদ্ধান্ত বা সেই সিদ্ধান্ত ঘিরে দোলাচল চলে গেল পিছনের সারিতে। সামনে উঠে এলো ১৫১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার ‘স্বৈরাচার’। এবং ‘বৈঠকে ২৮টি শরিক দল এ ব্যাপারে ঐকমত্য হয়েছে যে, আগামী ২২ ডিসেম্বর সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জোট ‘ইনডিয়া’।’ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)

কংগ্রেস সভাপতি মন্তব্য করেন, ‘ভারতের ইতিহাসে এত সাংসদকে সাসপেন্ড করার ঘটনা এই প্রথম। এটা অগণতান্ত্রিক। গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। কায়েম হচ্ছে স্বৈরতন্ত্র। সংসদে হাঙ্গামার ঘটনায় নিরাপত্তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছেন, অথচ সংসদে এসে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন অনুভব করছেন না। সংসদে অধিবেশন চলছে, প্রধানমন্ত্রী দেশের অন্যত্র বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন! এরকম আগে কখনও হয়নি। বিরোধীদের অবজ্ঞার চোখে দেখছেন। নিজেকে বিশ্বের সেরা নেতা ভাবছেন নরেন্দ্র মোদী।’

মল্লিকার্জুন খাড়গে আরও জানিয়েছেন, ‘জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে। আগে রাজ্যস্তরে বোঝাপড়া হবে। কোথাও কোনও সমস্যা তৈরি হলে, ‘ইনডিয়া’ জোটের নেতাদের মধ্যে আলোচনা করে তা মিটিয়ে নেওয়া যাবে।’ কংগ্রেস সভাপতির সাংবাদিক বৈঠক থেকে জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে আরও ৮-১০টি বৈঠক করবে ‘ইনডিয়া’ ব্লক।

মোদী বিরোধী এই জোটের মুখ কে হবেন, কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে, তা জানাননি খাড়গে। এ প্রসঙ্গে তাঁর জবাব, ‘প্রাথমিক লক্ষ্য নির্বাচনে জয়লাভ। সংখ্যাগরিষ্ঠতা এলে, ঠিক করা যাবে, প্রধানমন্ত্রী কে হবেন।’ তবে কংগ্রেস সভাপতি বিষয়টি এড়িয়ে গেলেও, সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘ইনডিয়া’র মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নামই প্রস্তাব করেছেন। আবার এ ব্যাপারে মমতার নাম প্রস্তাব করেছেন আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ঘটনা রাজনৈতিক দিক থেকে চমকপ্রদ নিঃসন্দেহে।

‘ইনডিয়া’ জোটের প্রতিনিধি হিসেবে বর্ষীয়ান কংগ্রেস সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাংবাদিক সম্মেলন:

Video Courtesy: Facebook/Rahul Gandhi

Image Courtesy: Facebook/Rahul Gandhi