মমতা-মোদী বৈঠক

‘কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বসবে রাজ্য’

রাজ্যের বকেয়া সংকট মেটাতে এবার কেন্দ্রীয় আধিকারিক নিয়োগ। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মিলল এটুকুই। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘বাংলায় ১৫৫ বার টিম পাঠিয়েছে কেন্দ্র। ১৫৫ বার ব্যাখ্যা দেওয়া হয়েছে তাদের। কোথাও কোনও গরমিল ধরা পড়েনি। তা সত্বেও ১০০ দিনের কাজে বাংলার বকেয়া মেটানো হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনা, গ্রামীণ বিকাশ যোজনার কাজ। তবু প্রান্তিক মানুষের স্বার্থে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে আবারও নতুন করে আলোচনায় বসতে আপত্তি নেই রাজ্যের।’

Image Courtesy: Facebook/Mamata Banerjee

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ১০ প্রতিনিধির দল নিয়ে হাজির হন মমতা। প্রতিনিধি দলে ছিলেন বাংলার বকেয়া নিয়ে দিল্লি ও কলকাতায় তৃণমূলের ধরনায় নেতৃত্ব দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও’ ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, শতাব্দী রায়রা। সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে হয় বৈঠক।

Image Courtesy: X/@PMOIndia

উত্তরবঙ্গ সফরের সময়, বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে সাক্ষাতের সময় চেয়ে চিঠি লিখেছেন তিনি। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই চিঠির উত্তরে সম্মতি জানানো হয়। বৈঠকের দিন স্থির হয় ২০ ডিসেম্বর। সেইমতো বৈঠক হল বুধবার।

এখন গোটা বাংলা তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর এই সাক্ষাতের পরবর্তী পদক্ষেপের দিকে।

Cover Image Courtesy: Facebook/Mamata Banerjee