পবিত্র মদিনা সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

এই প্রথম পবিত্র মদিনা-সহ ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করল ভারতীয় কোনও প্রতিনিধিদল, সৌদি সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিদেশমন্ত্রী ভি মুরলীধরন

ভারত এবং সৌদি আরবের নৈকট্য গত কয়েক বছর ধরে বাড়ছে। দু’দেশ পরস্পরের আরও কাছাকাছি আসছে। এরই অঙ্গ হিসেবে এই প্রথম ভারত থেকে অমুসলিম একটি প্রতিনিধিদল সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে অতি পবিত্র স্থান মদিনা পরিদর্শন করলেন। এই প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।
বলাবাহুল্য, ভারত থেকে অমুসলিম সম্প্রদায়ের কোনও সদস্য কখনও এর আগে মদিনায় যাননি। সেই হিসেবে এই ঘটনা সবঅর্থেই ঐতিহাসিক। প্রসঙ্গত, মুসলমান সম্প্রদায়ের মানুষ বিশ্বের যে শহরগুলিকে ধর্মীয় কারণে অতি পবিত্র বলে মনে করে, মদিনার নাম সেই তালিকার শীর্ষেই রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিদেশ মন্ত্রী ভি মুরলীধরনের নেতৃত্বে ভারত থেকে সৌদি আরবে যাওয়া প্রতিনিধিদল পরিদর্শন করেছেন উহুদ পর্বত, কুবা মসজিদ থেকে আরম্ভ করে আল মসজিদ আল নববীর মতো ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র স্থানগুলি। এক্ষেত্রে উল্লেখ্য, কুবা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের উপাসনার জন্যে প্রথম নির্মিত মসজিদ।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পবিত্র এই স্থানগুলি দর্শন করার পরে বলেছেন, তাৎপূর্ণপূর্ণ ব্যাপার হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র এই স্থানগুলি সৌদি আরব সরকারের উদ্যোগে ঘুরে দেখেছি। এই সুযোগ মেলায় ইসলামের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। উল্লেখ্য, মদিনায় যে মসজিদে হজরত মহম্মদ টানা ১০ বছর বসবাস করেছেন, ভারতীয় ওই প্রতিনিধিদলের সদস্যরা সেও পরিদর্শন করেন। এই মসজিদটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এক মসজিদ হিসেবে প্রসিদ্ধিলাভ করেছে।
সূত্রের খবর, ভারতের ওই প্রতিনিধিদলের সদস্যরা উচ্চগতিসম্পন্ন হারমেইন ট্রেনে চেপে মদিনায় যান। সৌদি আরবের হাজি ও উমরাহ মন্ত্রক সফরের আয়োজক ছিলেন। এছাড়া ভারতীয় ওই প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সৌদি আরবের হাজি ও উমরাহ মন্ত্রকের মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়া।
সম্প্রতি ভারতীয় প্রতিনিধিদলের মদিনা সফরের পরে ভারতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. সুহেল আজাজ খান বলেছেন, ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের মদিনা সফরের ফলে আরও মজবুত হতে চলেছে ভারত এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক।
এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে ভারত থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল যেমন সৌদি আরবে গিয়েছেন, তেমনই গত কয়েক বছরে সৌদি থেকেও প্রতিনিধিরা ভারত সফরে এসেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতে আসেন সৌদির প্রিন্স মুহম্মদ বিন সালমান আল সৌদ।
২০২৪ সালে হজের জন্য সৌদি আরব ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিতে সই রয়েছে। ওয়াকিবহাল মহল এটা তাৎপূর্ণ ঘটনা বলেই মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *