সোমবার ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব উঠেছে। অযোধ্যা জুড়ে রামের চেয়েও বেশি নরেন্দ্র মোদির কাটআউট এ ভরে গেছে। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। দেশের বিরোধী রাজনৈতিক দলের অধিকাংশ দল ও নেতারা অযোধ্যা যাচ্ছেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐদিন সংহতি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। তৃমমূল নেত্রীর এই মিছিল আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলে সব ধর্মের ধর্মগুরুদের থাকার আবেদন জানিয়েছেন। তৃণমূল সূত্রের খবর কালিঘাট মন্দিরে পূজো দিয়ে সংহতি যাত্রা সূচনা হবে হাজরার মোড় থেকে। এই সংহতি মিছিল হাজরা রোড থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্কসার্কাস ময়দানে শেষ হবে।
এই মিছিলের বেশ কিছুটা অংশে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটারের চড়ে যাবেন বলে জানা গেছে। প্রথমে হাজরা ল কলেজের সামনে মিছিল থামবে। সেখানে সামনেই যে মসজিদ আছে সেই মসজিদে চাদর চড়াবেন তৃণমূল নেত্রী। সেখান থেকে পার্কসার্কাস ময়দানের কাছাকাছি গির্জায় গিয়ে প্রার্থনায় যোগ দেবেন। শেষে পার্কসার্কাস ময়দানে সব ধর্মের ধর্মগুরুদের নিয়ে মঞ্চে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
