বাংলাদেশে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরলেন জেলে মারধরের অভিযোগ

Fishermen Return India From Bangladesh: বাংলাদেশে বন্দি থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরলেন।  সোমবার দুপুর ১২টা নাগাদ তাঁদের ট্রলারে চাপিয়ে গঙ্গাসাগরে নিয়ে আসা হয়। গঙ্গাসাগরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন। তাদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। মৃত একজনের পরিবারের হাাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। আজই নিজেদের বাড়ি ফিরবেন মৎস্যজীবীরা। ফিরে আনার পর তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রায় আড়াই মাস পর নিজেদের বাড়ি ফিরবেন তাঁরা।

রবিবারই বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা বন্দি বিনিময় করেছিল ভারত এবং বাংলাদেশ। দুই দেশের উপকূলরক্ষী বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বাংলাদেশ ভারতের হাতে তুলে দেয় সে দেশে বন্দি থাকা ৯৫ জন মৎস্যজীবীকে। আর ভারতও বাংলাদেশের হাতে তুলে দেয় এ দেশে বন্দি থাকা ৯০ জন মৎস্যজীবীকে।

সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানান, ভারতের ওই ৯৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছ’টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকও ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার গ্রহণ করে। ইতিমধ্যে তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে।