অসমে মেয়ের বিয়ে দিয়ে নিজেই বিপাকে পড়েছেন কোচবিহারের আরতি ঘোষ

Controversy over declaring Cooch Behar’s Aarti as intrusive in India

মনিরুল হোসেন

কোচবিহারের আরতি ঘোষের জীবনে আচমকা দুশ্চিন্তার আঁধার নেমেছে। অসম থেকে কোচবিহারে নিজের ভিটেতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কারণ অসম সরকার তাঁকে ভারতে অনুপ্রবেশকারী ঘোষনা করেছে। প্রাণ বাঁচাতে ফিরে এসেছেন কোচবিহারে। আরতি ঘোষের এই অসহায়তা তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি সামাজিক মাধ্যমে বিজেপিকে বাঙালি বিরোধী আখ্যা দিয়ে আরতি ঘোষের বিষয় তুলে ধরেছে । কেন্দ্র সরকার ও বিজেপি দলের কাছে কতগুলি প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে সাংসদের লেখার বেশ কিছুটা অংশ তুলে ধরছি।

“ আরতি ঘোষ, ৫২, কুচবিহারের বক্সিরহাটের ঝাউকুটি গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি এমন এক পরিবারের যাঁরা এক পরিবার থেকে আসেন যারা বহু প্রজন্ম ধরে সেখানে বসবাস করে আসছেন। ঘোষ পরিবারের “একমাত্র দোষ” ছিল তাদের মেয়েকে অসমের একটি পরিবারে বিয়ে দেওয়া। তারপরই বাংলা-বিরোধী অসম সরকার আরতিকে “বিদেশি” বা “অনুপ্রবেশকারী” আখ্যা দিয়ে এনআরসি তালিকা থেকে তার নাম বাদ দেয়। এর ফলে তাকে তার শ্বশুরবাড়ি ছেড়ে আবার কুচবিহারে ফিরে আসতে হয়। এনআরসিতে নাম তোলার আবেদন বাতিল হওয়ার ফলে অসমে হয়রানির শিকার হওয়া বহু উদাহরণের মধ্যে একজন আরতি ঘোষ।

আমি কিছু প্রশ্ন তুলতে চাই বাংলা-বিরোধী বিজেপি নেতৃত্বের উদ্দেশে, যারা মাঝেমধ্যে বাংলার প্রতি তাদের “ভালোবাসা ও সম্মান”-এর কথা বলে থাকেন — যা আদতে এক ভয়ঙ্কর মিথ্যে ছাড়া কিছুই নয়:

১. আসাম ও পশ্চিমবঙ্গ ভারতের দুটি পৃথক অঙ্গরাজ্য। দুটি রাজ্যের বাসিন্দাদের পূর্ণ স্বাধীনতা আছে এক রাজ্যের ছেলে বা মেয়ের অন্য রাজ্যের কারোর সাথে বিয়ে করার।মেয়ের বিয়ে অসমে দেওয়া কি কোনও অপরাধ? অসম কি আমাদের দেশের বাইরে?

২. আরতির একমাত্র দোষ কি শুধু বাংলার বাসিন্দা হওয়া ও বাংলা ভাষায় কথা বলা?

৩. রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটিতে যাদের বাস , নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর কাছে জানতে চাই— বাংলার মানুষেরা কি বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পায় না?

৪. একজন হিন্দু বাঙালি মহিলা হিসেবে আরতির কী অপরাধ ছিল, যার ফলে তাকে এমন অসম্মানজনক পরিস্থিতির শিকার হতে হল? বিজেপির নৃশংস নীতির শিকার হল একজন ভারতীয় মহিলা।

৫. আমরা জানি  কখনোই ব্যাখ্যা করতে পারবেন না কেন তারা এতটা বাংলা-বিরোধী এবং কেন তারা দেশজুড়ে বাঙালিদের ওপর এই ধরনের নির্যাতনকে অনুমোদন দিচ্ছেন। আমি জানতে চাই, এর পরেও আপনারা কোন মুখে বাংলার মানুষের কাছে মুখ দেখান ? ‘