CBI court frames charges in SSC recruitment corruption case
নিজস্ব প্রতিবেদন:
একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করলেন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ। সিবিআইয়ের করা কোনও মামলায় এই প্রথমবার গঠন হল চার্জ। কিছুদিনের মধ্যেই শুরু হবে বিচারপ্রক্রিয়া।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
বিচারকের সামনে কাতর আর্জি জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “আমি নির্দোষ। আমি তখন শিক্ষামন্ত্রী ছিলাম। যারা বলছেন তারা সম্পূর্ণ অসত্য কথা বলছেন। আমাকে মুক্তি দিন, আমি সম্পূর্ণ নির্দোষ। সাড়ে ৩ বছর ধরে আটকে রেখেছে। আমি মন্ত্রী হওয়ার আগেই সুবীরেশ SSC-এর চেয়ারম্যান ছিল। আমি মন্ত্রী হওয়ার আগে থেকে কল্যাণ মধ্যশিক্ষা পর্ষদে ছিলেন। আমার একটা সম্মান আছে। ২৫ বছর ধরে আমি বিধায়ক। আমাকে এবার মুক্তি দিন।”
বৃহস্পতিবার এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। সেই সঙ্গে চার্জ গঠন করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, SSC-র তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র আধিকারিক পর্ণা বসু থেকে শুরু করে অশোক সাহা, নাইসার আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাসদের বিরুদ্ধেও এই মামলায় চার্জ গঠন করেছে আদালত। যদিও তাঁরাও আদালতে এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন।
