লিভ-ইন ‘খতরনাক বিমারি’?

‘প্রেম-বিবাহেই বাড়ছে বিচ্ছেদ’!

‘পশ্চিমী দেশ থেকে লিভ-ইন রিলেশনশিপ (Live-in Relationship) নামক এক খতরনাক বিমারি দ্রুত গতিতে ভারতে ছড়াচ্ছে। এর খারাপ প্রভাব পড়ছে আমাদের সমাজে। এসব চলতে দিলে ভারতীয় সংস্কৃতি বরবাদ হয়ে যাবে।’

লোকসভার শীতকালীন অধিবেশনে আজ এরকমই কথা শোনা গেল হরিয়ানার (Haryana) বিজেপি সাংসদ ধরমবীর সিংয়ের (Dharmbir Singh) মুখে।

এদিন জিরো আওয়ারে এই বক্তব্য পেশ ক’রে সংসদের নিম্নকক্ষে উপস্থিত মন্ত্রীদের প্রতি তিনি আবেদন করেন, কড়া আইন এনে পাশ্চাত্য প্রভাবের লিভ-ইন সম্পর্ককে রোধ করা হোক।

বিজেপি (BJP) সাংসদ তাঁর বক্তব্যে এই প্রসঙ্গে আসার আগে ‘প্রেম-বিবাহ’ নিয়েও বিশেষজ্ঞের মতামত দেন। তিনি উল্লেখ করেন, ‘ভারতীয় সমাজে বিবাহকে পারিবারিক পবিত্র বন্ধন হিসেবে বিবেচনা করা হয়।’ তাঁর দাবি, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা অনেক কম হলেও সম্প্রতি প্রেম-বিবাহের জেরে বিচ্ছেদের সংখ্যা বাড়ছে।’ এক্ষেত্রে ধরমবীরের নিদান, ‘বিবাহেচ্ছু পাত্রপাত্রীর বিবাহ তাঁদের বাবা-মায়ের সম্মতিক্রমে হওয়া উচিত।’

ভারতীয় হিন্দু সংস্কৃতিতে শাস্ত্রমতে নয়-নয় ক’রে ৮ প্রকার বিবাহের সংস্থান আছে। হরিয়ানার বিজেপি সাংসদ সেগুলির মধ্য থেকে কেবল ‘প্রজাপত্য বিবাহ’কেই ভারতীয় সংস্কৃতি বলে চালিয়ে দিতে চাইছেন। অজ্ঞতাবশত নাকি মৌলবাদী চাতুর্যে? অভিভাবকদের ভূমিকা-বিবর্জিত ‘গান্ধর্ব বিবাহ’, ‘পৈশাচিক বিবাহ’ প্রভৃতি পশ্চিমী দেশের শাস্ত্রে লেখা আছে নাকি?

সংসদে দাঁড়িয়ে ধরমবীরের এ কেমন ‘অধার্মিক’ বীরত্ব!