ইডেনে ইতিহাস, জন্মদিনে ‘বিরাট’ জগজ্জয়!

ক্রিকেটের নন্দনকাননে শচীনকে ছুঁলেন কোহলি: ৪৯x১০০

এ যেন ঈশ্বরের লেখা চিত্রনাট্য! ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মঞ্চস্থ হল ‘বিরাট’ স্বপ্নের ‘কোহলি’ কীর্তি! মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের এক উত্তুঙ্গ রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি! আর এই শিখরস্পর্শী কৃতিত্ব তিনি অর্জন করলেন নিজের জন্মদিনে।

©’Sachin Tenulkar’|Bollywood Hungama|CC BY 3.0
©’Virat Kohli during the India vs Aus 4th Test match at Narendra Modi Stadium on 09 March 2023’|Prime Minister’s Office|CC BY-SA 4.0

এই বিশ্বকাপেই ৪৮ তম শতরান করেন বিরাট। ১৯ অক্টোবর, পুনের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সেই সেঞ্চুরিটি করেছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় অধীর অপেক্ষা—কবে ক্রিকেটের কিংবদন্তী শচীনকে ছোঁবেন কোহলি?
#49thCentury #ইডেন_গার্ডেন্স #কলকাতা #birthday

কিন্তু ২২ অক্টোবর, রবিবার, ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে কীর্তির খুব কাছে পৌঁছেও মাত্র ৫ রানের দূরত্বে রেকর্ড অধরা রেখেই ক্রিজ ছাড়তে হয়েছিল বিরাটকে। সেই ম্যাচে তাঁর স্কোর ছিল ৯৫।
#Cricket #CWC2023 #ক্রিকেট_বিশ্বকাপ_২০২৩ #জন্মদিন #EdenGardens
৯ অক্টোবর, আরেক রবিবারেও লখনউতে অনুরাগীদের যারপরনাই হতাশ করেন বিরাট। সেদিন রানের খাতাই খুলতে পারেননি তিনি। ডাক আউট হন।

#SachinTendulkar #শচীন_তেন্ডুলকর #বিরাট_কোহলি #ViratKohli

এমনকি ২ নভেম্বর, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানের বিপুল ব্যবধানে ভারতের জয়ের দিনেও হাত কচলানো ছাড়া উপায় ছিল না বিরাটের। ৮৮ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
#Record #নজির_৪৯_শতরান

ব্যাপারটা ওই ইংরেজি প্রবাদ হয়ে দাঁড়াচ্ছিল ধীরে ধীরে। বাংলা তর্জমায় যার অর্থ দাঁড়ায়, ‘ঠোঁট থেকে চায়ের কাপের দূরত্ব—কত কাছে, তবু কত দূরে!’ চায়ে চুমুক না দেওয়া পর্যন্ত এটা চিরকালই অনিশ্চিত—Whether this is your cup of tea or not!

না। শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি বিরাট কোহলি বা তাঁর অনুরাগীদের। যেন ইডেন গার্ডেন্সের রাজকীয় মঞ্চের জন্যই অপেক্ষা করছিল ইতিহাস! হ্যাঁ, অবশেষে সেই ইতিহাসই ছুঁলেন বিরাট। শচীনের পর তিনিই এখন একমাত্র ব্যাটার, যাঁর ঝুলিতে এলো একদিবসীয় ক্রিকেটের ৪৯টি ১০০! আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ৩৭ তম ম্যাচের ধারাভাষ্যকার তাই আবেগমথিত গলায় ‘Many happy returns of the day’ জানাতে দ্বিধা করেননি।

একদিক থেকে স্কোর বোর্ডের বিচারে শচীনকে ছুঁলেন কোহলি। ফলে এটা প্রমাণ হল, তাঁকে ছোঁয়া যায়! তাঁকে ধরা যায়! তবু ‘ধরতে গেলে’ পাওয়া কি? সম্ভবত ‘না।’

এই বিতর্ক আপাতত তোলা থাক ভবিষ্যতের জন্য। আপাতত ৩৫-এর জন্মদিনে ৪৯x১০০ শুভেচ্ছা বিরাটকে। জন্ম নিক নতুন কিংবদন্তী!