৬০ দিনে সাজা ঘোষণার রেকর্ড

৯০ দিন পার তবু আর জি কর মেডিকেল কলেজে পড়ুয়া জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুন মামলা রায় এখনো বিশ বাঁও জলে। এই মর্মান্তিক ঘটনার বিচার দ্রূত করতে বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাজ্য থেকে দেশজুড়ে পথে নেমেছিল নাগরিক সমাজ। তিলোত্তমার বিচার চেয়ে রাত দখলে নেমেছিল মহিলারা। ডাক্তাররা অনশনে বসেছিল। সুপ্রীম প্রধান বিচারপতি স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল। সি আই ডির হাত থেকে মামলা তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। তবু এখনো এই মামলার চার্জ গঠন হয়নি।

 সি বি আই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় শু্ক্রবার সিবিআই আদালত এই মামলায় আর জি করের প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিত মন্ডলের জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই আদালত। এই ঘটনায় কার্যত হতাশ তিলোত্তমার বাবা মা।

একই দিনে মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত ফারাক্কার নাবালিকা ধর্ষণ খুন মামলায় সাজা ঘোষণা করল। বৃহস্পতিবার দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে দোষী সাব্যস্ত করে শুক্রবার রায় ঘোষণা করল জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। ৬০ দিনের মধ্যে সাজা ঘোষণা করেছে। এক জনের ফাঁসি সাজা। অন্য জনের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বিজয়া দশমীর দিন সকাবলে দাদুর বাড়িতে বেড়াতে এসে এক প্রতিবেশীর বাড়ি থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছিল। মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সেই সময় অভিযোগ তুলেছিল পরিবার। তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছিলেন, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন দীনবন্ধু। তারা দু জনে মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। পরে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছিল। পাশাপাশি, নির্যাতিতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তে দেখা গিয়েছে, মেঝেতে মাথা থেঁতলে খুন করা হয়েছিল নির্যাতিতাকে।

এত কম সময়ের মধ্যে সাজা ঘোষণা হওয়ায় পুলিশ প্রসাশনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘আগেও বলেছি, আবার বলছি। ধর্ষকদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত। ফাঁসির সাজা। সুষ্ঠু ভাবে সময়ের মধ্যে তদন্ত করতে শাস্তির ব্যবস্থা করা আসলে সেই সব অপরাধীদেরই বার্তা দেওয়া যে, এই অপরাধ সহ্য করা হবে না।’’

প্রসঙ্গত কদিন আগে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দু মাসের মধ্যে সাজা ঘোষণা করেছে আদালত।