বিজেপির অনুকূলে আদৌ ফ্যাক্টর হবে ‘বেটিং অ্যাপ’ ইস্যু?
জানাই ছিল ১০০% শান্তিপূর্ণ হবে না ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। সে কারণেই একাধিক ফেজে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। ঘোষিত তারিখ ৭ নভেম্বর, মঙ্গলবার হয়ে গেল প্রথম ফেজ। এবং যথারীতি রক্তাক্ত হল ছত্তিশগড় (Chhattisgarh)। কঙ্করে ঘটল সংঘর্ষ ও সুকমায় ফাটল বোমা। গুরুতর আঘাত পেয়েছেন একাধিক ব্যক্তি।

এসব সত্ত্বেও অবশ্য ভোটদানের হার ৭১% ছাড়িয়েছে।
- ছত্তিশগড়ে বিধানসভা আসনের সংখ্যা ৯০
- মঙ্গলবার ভোট হওয়া আসন সংখ্যা ২০
- বাকি আসনে ভোটগ্রহণ ১৭ নভেম্বর
ওই রাজ্যে নির্বাচনের আবহ এবার এমনিতেই যথেষ্ট উত্তপ্ত। ক্ষমতাসীন কংগ্রেসকে সরাতে ‘কেন্দ্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে’ ময়দানে নেমেছে বিজেপি (BJP)। ‘মহাদেব বেটিং অ্যাপ’ নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছে। বিধানসভা ভোটের অব্যবহিত পূর্বে সেই অ্যাপ সম্পূর্ণ বন্ধ হয়েছে কেন্দ্রের নির্দেশে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তৎপরতাও তুঙ্গে। অভিযুক্ত অ্যাপের থেকে নাকি কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)পাঁচশত কোটিরও অধিক টাকা উৎকোচ গ্রহণ করেছেন! ভোটের ঠিক প্রাক মুহূর্তে কংগ্রেসকে কোণঠাসা করতে ‘উৎকোচ’ ইস্যুতে যারপরনাই শান দিয়েছে বিজেপি।

প্রথম ফেজের ভোটের মধ্যেই আবার পরবর্তী নির্বাচনের প্রচারে ছত্তিশগড়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনিও যথারীতি কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে তুলোধোনা করেন মঙ্গলবারই।


©’Narendra Modi, Prime Minister of the Republic of Bharat’|15 March 2022, 17:00:27|PMO|PM INDIA|GODL
©’Union Minister for Home Affairs and Cooperation, Shri Amit Shah’|4 August 2023|Ministry of Cooperation|PIB|CC BY-SA 4.0
অন্যদিকে ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত কাজের খতিয়ান নিয়ে বাকযুদ্ধে জড়ান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৫ বছরে সে’রাজ্যের কাজ ও গত ১৫ বছরে মোদী সরকারের দেশব্যাপী কাজ নিয়ে বিতর্ক আহ্বান করেন অমিত শাহ। সোমবার গভীর রাতে এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে সেই চ্যালেঞ্জ গ্রহণ ক’রে ২ নামাঙ্কিত সোফার ছবি পোস্ট করেন ভূপেশ বাঘেল। বোঝান, কাজের খতিয়ান দিতে তিনি আদৌ পিছু-পা নন। বিতর্কের তারিখ ও সময় নির্বাচনের স্বাধীনতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ছেড়ে দিয়ে, তাঁর আত্মবিশ্বাসী ঘোষণা, ‘জনতা মঞ্চ প্রস্তুত করে রেখেছে।’ ছবিটি নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যম (Social media)।

এমত কাজিয়ার প্রেক্ষাপটে সংঘটিত হল ছত্তিশগড় অ্যাসেম্বলি ইলেকশন (Chhattisgarh Legislative Assembly election 2023), ফার্স্ট ফেজ (Phase 1)। এখন দেখার, ২০ আসনের রায়ে যুযুধান পক্ষের সাংঘর্ষিক কৌশল কার অনুকূলে কতটা প্রভাব ফেলে।
