CM Administrative Meeting in Murshidabad
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের প্রথম দিনে মুর্শিদাবাদের লালবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ৩৪৮.১৭ কোটি টাকার মোট ১১১টি জনকল্যাণমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন এবং ১৫০.৫৭ কোটি টাকার ৮৫টি জনকল্যাণমূলক প্রকল্পের শুভ শিলান্যাস করেন।অন্যদিকে প্রায় ৬২ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন।

সম্প্রতি মুর্শিদাবাদে কয়েকটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সম্প্রীতির ভূমি মুর্শিদাবাদে অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলার ঐক্য-কৃষ্টিকে বিনষ্ট করতে চেয়েছিল। কিন্তু সাধারণ মানুষ তাঁদের যোগ্য জবাব দিয়েছেন।তিনি আরো বলেন আমাদের বাংলার পরিবার ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যে সকল কুচক্রীরা এই কুকর্মে লিপ্ত থাকে আমি তাদের ঘৃণা করি, এই বাংলা তাদের ঘৃণা করে।

মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন এটা একটি গুরুতর সমস্যা।কেন্দ্রীয় সরকারকে বার বার বলার পরেও কেন্দ্র বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। কিন্তু রাজ্য সরকার সর্বদা এই বিষয়কে গুরুত্বের সঙ্গে দেখেছে। গঙ্গা-ভাগীরথী ভাঙন রোধে ৬২.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ২০০তম বর্ষের পূর্তির জন্য, সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং অশিক্ষক কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মঙ্গলবার মালদায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে।

