CM Administrative Meeting in Malda
মঙ্গলবার মালদার ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য মালদায় কাউন্সিলর দুলাল সরকার খুন থেকে আরজিকর মামলার রায় নিয়ে তাঁর নিজের বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে সরকারি কর্মী থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য তাঁর পরিস্কার বক্তব্য তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে মূল অংশ গুলি তুলে ধরা হল।

মাফিয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হুশিয়ারি
অনুষ্ঠান মঞ্চে নিহত কাউন্সিলার দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বললেন, ”সমাজে মাফিয়াদের কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই। দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো। ওর পরিবারের পাশে আমি, আমরা আছি। ওর স্ত্রী চৈতালি এখানে আছে। ওকে বলব, মন ভেঙো না। দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো।”

আরজিকর মামলায় ফাঁসির পক্ষে অনড় মুখ্যমন্ত্রীর বক্তব্য
”যাবজ্জীবন মানেটা কী? যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায়। অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে। কেউ যদি দানবিক হয়, সমাজ কি মানবিক হতে পারে? কেউ অন্যায় করলে কি ছেড়ে দেব? আর জি কর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম। এটা জঘন্য, বিরলতম, স্পর্শকাতর একটা ঘটনা। ”আইনটা আমি একটু একটু জানি, আমি আইনজীবী ছিলাম।”

ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা ‘অপরাজিতা বিল’ নিয়ে তিনি বলেন, ”এসব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায়, তাই আমরা অপরাজিতা বিল এনেছি। ধর্ষণ, খুন, নারীদের উপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে। বিধানসভায় তা পাশও হয়েছে। কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে। কার্যকর করা যাচ্ছে না।” ফাঁসির সাজা না হয়ে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের কথা শুনে আগেই মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন সিবিআইকে। বলেছিলেন, ”আমাদের হাতে তদন্তভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত। কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে।”

বিডিওদের উদ্ধেশ্য মুখ্যমন্ত্রীর বার্তা
“বিডিওদের বলছি, মুখ্য সচিবকে দেখে শিখুন। কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয়।” “সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না। মানুষের পরিষেবায় যেন কোনও সমস্যা না হয়। মানুষ কাজে গেলে ভাল ব্যবহার করুন। মানুষ যেন সরকারি পরিষেবার সুযোগ পান, এটা দেখতে হবে।”

তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা
“যারা মানুষকে ভালবাসে তারাই আমার স্বর্গ, তারাই আমার শক্তি। আপনার পরিচয় আপনি কী কাজ করলেন। টাকা সম্পদ নয়। সম্পদ হচ্ছে মানুষের চরিত্র, মানবিকতা, নৈতিকতা। টাকা থাকলেই সব হয় না। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে, যাতে তাদের মানবিকতা বোধ তৈরি হয়।”

