ট্রাম্প সরকার শিকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানোর পর ও নীরব মোদি ও ছত্তিশগড়ে আদিবাসী হত্যার প্রতিবাদে পথে আদিবাসী সমাজ

Adivashi Protest

নিজস্ব প্রতিবেদন, উত্তর ২৪ পরগণা

ট্রাম্প সরকার অমানবিকভাবে হাতে-পায়ে-কোমরে শিকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানোর পরও মোদীর নীরবতা এবং ছত্তিশগড়ে বিজেপি সরকারের নির্মম আদিবাসী গণহত্যার প্রতিবাদে এবার গর্জে উঠলো বাংলার আদিবাসীরা।

সংগ্রামী আদিবাসী মঞ্চ এর উদ্যোগে ২রা মার্চ ২০২৫ উত্তর ২৪পরগনার বসিরহাট মহকুমার মালঞ্চ বাজারে এ বিষয়ে এক আদিবাসী প্রতিবাদী পথ মিছিল এর আয়োজন করা হয়। এই আদিবাসী প্রতিবাদী পথ মিছিলে সন্দেশখালি-১, সন্দেশখালি-২,মিনাখাঁ, হাসনাবাদ,হাড়োয়া,ক্যানিং-১,২, বসিরহাট-১,২ ও বিধাননগর এলাকার শতাধিক আদিবাসী প্রতিনিধি সামিল হয়েছিলেন। মিছিলে আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। সহযোগী সংগঠন হিসেবে হকার্স সংগ্রাম কমিটি, আদিবাসী মানবাধিকার সংগঠন, উপনিবেশ বিরোধী কর্পোরেট বিরোধী চর্চা (জ্ঞান গঞ্জ), জন আন্দোলন, দ্য বেঙ্গল ভলান্টিয়ার্স ও বন্দী মুক্তি কমিটির সংগঠকরাও মিছিলে পা মেলান।

এ দিন সকাল এগারোটায় স্থানীয় পথসাথী গেস্ট হাউস থেকে শুরু করে গোটা মালঞ্চ বাজার ঘুরে এসে আবার মিছিল শেষ হয় পথসাথীতেই। উপস্থিত ছিলেন আদিবাসী নেত্রী রেণুকা সরদার, মহারানী সরদার, সাবিত্রী সরদার,দেবলা সরদার, অনিতা সরদার, মানবাধিকার কর্মী ছোটন দাস, বিশ্বনাথ মণ্ডল, ভানু সরকার, আদিবাসী সংগঠক মদন সরদার, নেপাল সরদার, অশোক সরদার এবং সুবল সরদার কণিকা সরদার।
ট্রাম্পের আমেরিকা ভারতীয়দের শিকল পরিয়ে ফেরত পাঠানোর পরও মোদীর মৌনব্রত এবং ছত্তিশগড়ে আদিবাসী গণহত্যার জন্য মিছিলে মোদী ও তার সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয়।