Supreme Court : Inheritance case of a childless Hindu widow’s property
মনিরুল হোসেন
উইল ছাড়াই মারা যাওয়া নিঃসন্তান হিন্দু বিধবার সম্পত্তির উত্তরাধিকার কে বা কারা হতে পারেন তা নিয়ে বুধবার সুপ্রীম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন একটি উল্লেখযোগ্য পর্যবেক্ষণের উপর আলোকপাত করেছেন । বর্তমান আইন অনুসারে, উইল ছাড়া হিন্দু বিধবার সম্পত্তি বাবা-মায়ের পরিবর্তে শ্বশুরবাড়ির কাছে চলে যায়। এই আইন সঠিক কিনা তা নিয়ে আদালতে বেশ কয়েকটি আবেদন দাখিল করা হয়েছে।
একটি মামলায়, কোভিড-১৯-এর কারণে এক তরুণ দম্পতির মৃত্যু হয়েছে এবং সম্পত্তি নিয়ে এখন ছেলের মা এবং মেয়ের মায়ের মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে।একদিকে ছেলের মা পুরো সম্পত্তির উত্তরাধিকার দাবি করেন, অন্যদিকে মেয়ের মা তাঁর মেয়ের উপার্জন এবং সম্পত্তি দাবি করেন। অন্য একটি মামলায়, এক নিঃসন্তান দম্পতির মৃত্যুর পর, ছেলেটির বোন সম্পত্তি দাবি করছেন। আবেদনকারীর আইনজীবী আদালতকে জানায় যে এটি একটি জনস্বার্থের বিষয় এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন।
বুধবার হিন্দু উত্তরাধিকার আইনের ধারায় এই বিষয়ে শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরত্ন একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন, যেখানে বলা হয়েছে যে একজন নিঃসন্তান হিন্দু বিধবার মৃত্যুর পর, তার সম্পত্তি তার বাবা-মায়ের পরিবর্তে তার শ্বশুরবাড়ির কাছে চলে যায়। আদালত উল্লেখ করেছে যে হিন্দু বিবাহে, যখন একজন মহিলা বিয়ে করেন, তখন তার গোত্র পরিবর্তিত হয়, যা হাজার হাজার বছর ধরে প্রচলিত একটি ঐতিহ্য।বিচারপতি বি.ভি. নাগরত্ন উল্লেখ করেছেন যে হিন্দু সমাজে “কন্যাদান” ধারণা রয়েছে, যার অধীনে বিয়ের সময় একজন মহিলার গোত্র তার স্বামীর গোত্রে পরিবর্তিত হয়। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে তারা শতাব্দী ধরে বিদ্যমান একটি ঐতিহ্য ভাঙতে চায় না।
বিচারপতি নাগরত্ন বলেন যে হিন্দু বিবাহে ‘কন্যাদান’ এবং ‘গোত্র-দান’-এর ঐতিহ্য অনুসারে, একজন মহিলা তার স্বামী এবং তার পরিবারের দায়িত্বে পরিণত হয়।তিনি আরও বলেন যে একজন বিবাহিত মহিলা তার ভাইয়ের বিরুদ্ধে ভরণপোষণ দাবি করেন না। বিশেষ করে দক্ষিণ ভারতে বিবাহ রীতিনীতিতে স্পষ্টভাবে বলা আছে যে একজন মহিলা এক বংশ থেকে অন্য বংশে চলে যান।বিচারপতি নাগরত্না আরও বলেছেন যে, যদি কোনও মহিলা ইচ্ছা করেন, তাহলে তিনি উইলের মাধ্যমে তার সম্পত্তি ভাগ করে নিতে পারেন অথবা পুনর্বিবাহও করতে পারেন।তবে, বর্তমান আইনের (HSA ধারা 15(1)(b)) অধীনে, যদি কোনও নিঃসন্তান বিধবা উইল ছাড়াই মারা যান এবং পুনর্বিবাহ না করেন, তাহলে তার সম্পত্তি তার স্বামীর উত্তরাধিকারীদের কাছে চলে যায়, তার বাবা-মায়ের কাছে নয়।
সুপ্রিম কোর্ট একটি সম্পত্তি বিরোধ মামলা মধ্যস্থতার জন্য পাঠিয়েছে এবং এই ধারার বৈধতার শুনানি নভেম্বর পর্যন্ত স্থগিত রাথা হয়েছে।
