অপরাজিত! যেন অপ্রতিরোধ্য!
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারত। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নক আউট সেমিফাইনালে ৭০ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ ৫০ ওভারে মাত্র ৪ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের সামনে ৩৯৭ রানের বিরাট টার্গেট খাড়া করে তারা। জবাবে ৪৮ ওভার ৫ বলে ৩২৭ রানেই শেষ হয়ে যায় কিউইদের ব্যাটিং লাইন আপ। অর্থাৎ, সেমিফাইনালে ৭০ রানের ব্যবধানে ভারতের কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল নিউজিল্যান্ডকে। তবে পরাজয় সত্ত্বেও স্মরণীয় লড়াই উপহার দিয়েছেন ডারিল মিচেল (Daryl Mitchell) ও কেন উইলিয়ামসন (Kane Williamson)। ভারতের রান তাড়া করতে নেমে ব্যাট হাতে তাঁরা যথাক্রমে ১১৯ বলে ১৩৪ ও ৭৩ বলে ৬৯ রান করেন।
ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মহম্মদ শামি। যোগ্য ব্যক্তি বলতেই হবে। বল হাতে এদিন তিনি প্রায় একাই দুমড়ে দেন কিউই ব্যাটিংয়ের শিরদাঁড়া। নেন ৭ উইকেট! ৯ ওভার ৫ বলে ৫৭ রান দিয়ে মহম্মদ শামির এই দানবীয় সাফল্য! আর এখানেই শব্দ-খেলার (PUN) অনবদ্য নিদর্শন রেখে এক্স (X, পূর্বনাম Twitter) হ্যান্ডলে কলকাতা পুলিশের বার্তা হয়ে উঠেছে একেবারে অব্যর্থ অর্থময়। বুধবারের সেমিফাইনালকে যথোচিত মর্যাদায় ‘শামিফাইনাল’ আখ্যা দিয়েছে তারা।

মহম্মদ শামির এই কৃতিত্ব অবশ্য ভারতের মজবুত ব্যাটিংয়ের উপর দাঁড়িয়ে। কাকে ছেড়ে কার কথা বলা যায়! তবু প্রথমেই বলতে হবে বিরাট কোহলি প্রসঙ্গে। শচীন তেন্ডুলকরের অনন্য নজির পেরিয়ে গেলেন তিনি। ৫০টি শতরানের রেকর্ড গড়লেন অতুলনীয় সৌকর্যে! প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরাটকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি। কালক্ষেপও না।

কোহলির ১১৩ বলে ১১৭-এর পাশাপাশি, শ্রেয়স আইয়ার মাত্র ৭০ বলে তুলে নেন ১০৫ রান। আরেক ভারতীয় ব্যাটার শুভমান গিল ৬৬ বলে ৮০ রান করে অপরাজিত থেকে যান। বিরাট কোহলির মতো প্রতিভার পাশে, অন্তত ১৫ নভেম্বরের সেমিফাইনালে, একটুও ম্লান নন শ্রেয়স। সামাজিক মাধ্যমে বিসিসিআইয়ের অকুণ্ঠ প্রশংসা কুড়োচ্ছে তাঁর ঝকঝকে শতরান।

তবে বুধবারের দুপুরে ভারতের অনুকূলে জয়ের প্রাথমিক মঞ্চটি বেঁধে দেন অধিনায়ক স্বয়ং। স্বভাবোচিত ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর ৪৭ রান (মাত্র ২৯ বলে) গোড়াতেই যেন ঘোষণা করেছিল, কেবল ওয়াংখেড়ে নয়, ভারত কার্যত মুখিয়ে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের জন্য। তাই কোনও ক্রিকেটপ্রেমী যখন দিনের শেষে লেখেন, ‘ব্যক্তিগত নজির নয়, ব্যাটে ও অধিনায়কত্বে রোহিত শর্মার অবদান তাঁকে ভারতে পরম ঐশ্বরিক উচ্চতায় নিয়ে যেতে চলেছে,’ তখন সেই সানুরাগ বিবৃতিকে অত্যুক্তি বলা একধরনের ধৃষ্টতা নিশ্চয়ই।

এবারের ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। ৯টির মধ্যে ৯টিতেই জয়ী। বাকি রইল দশম তথা ফাইনাল ম্যাচ। তার আগে, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে কোন দল, তার মীমাংসা হতে চলেছে ইডেন গার্ডেন্সে। প্রস্তুত ক্রিকেটের নন্দনকানন।
