চরম অসংবেদনশীল মন্ত্রী

এমন কথা বললেন কী করে!

বামনগোলার অসহনীয় ভিডিও যখন ভাইরাল, তখন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির খেলা। এবং সেই বিবেকহীন বিচিত্র খেলায় অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করে বসলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে হাতিয়ার করে বিরোধী দলগুলি আক্রমণ শানাচ্ছে ক্ষমতাসীন তৃণমূলকে নিশানা করে। পরিবহণের অযোগ্য পথ যথারীতি বিজেপির ইস্যু হয়ে দাঁড়িয়েছে। উলটো দিকে তৃণমূলের সাফাই, ‘ওই এলাকা বর্তমানে ঘাসফুলের দখলে, ঠিকই। কিন্তু আগে সেখানে ক্ষমতায় ছিল বিজেপি। তাই পরিবহণ নিয়ে প্রশ্ন তোলা ব্যুমেরাং-সমতুল।’

এই পর্যন্ত তাও মেনে নেওয়া যায়। কেননা, চরম অমানবিকতার মধ্যে দোষারোপ-পাল্টা আরোপে, বিরক্ত হলেও, অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরী সকল সীমা ছাড়িয়ে গেলেন। বামনগোলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘ভাগ্যে মৃত্যু ছিল। রাস্তার কারণে মৃত্যু হয়নি।’

এমন অসংবেদনশীল উক্তিতে বামনগোলার রাস্তার ভাগ্য কোন দিকে যাবে আমাদের জানা নেই। তবে সিদ্দিকুল্লা চৌধুরীদের ভাগ্যের রাস্তা কোন দিকে যাচ্ছে, তা সহজেই অনুমেয়।

© Siddiqullah Choudhury | fb | last image | trimmed
© Siddiqullah Choudhury | Pinakpani – Own work | wikimedia | CC BY-SA 4.0 | cover image | trimmed