রসগোল্লা ভেবে মুখে দিতেই বিস্ফোরণ! মধ্যপ্রদেশে মর্মান্তিক মৃত্যু যুবকের

Explosion upon putting it in the mouth, thinking it was a rasgulla

দীপাবলির রাতে আগুন পোহাতে বসে বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা। সেই সময় রসগোল্লার মতো দেখতে একটি বস্তু মুখে দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল মধ্যপ্রদেশের এক যুবকের।

আমৃতবাজার ডিজিটাল ডেস্ক: রসগোল্লা ভেবে মুখে দিয়েছিলেন একটি মিষ্টির মতো দেখতে বস্তু। কিন্তু পরক্ষণেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম হয়ে মৃত্যু হল ৩৫ বছরের এক যুবকের। মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার এই ঘটনায় অভিযুক্ত তাঁরই বন্ধু। বস্তুটি আসলে বুনো শুয়োর শিকারের জন্য ব্যবহৃত এক ধরনের দেশি বিস্ফোরক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেন্দ্র বারৌতিয়া। গত মঙ্গলবার, দীপাবলির রাতে ডিন্ডোরি জেলার ছান্তা গ্রামে ঘটনাটি ঘটে। রাত তখন আনুমানিক ৮টা। আগুন পোহাতে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন রাজেন্দ্র। সেই সময় তাঁর বন্ধু রাম ভগত বারোতিয়া রসগোল্লার মতো দেখতে একটি বিস্ফোরক রাজেন্দ্রর মুখে দেন বলে অভিযোগ।দু’জনের মধ্যে তখন হাসি-ঠাট্টা চলছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ওই বস্তুতে দাঁত বসাতেই ঘটে বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে গুরুতর জখম হন রাজেন্দ্র। তাঁকে দ্রুত ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

রসগোল্লার ছদ্মবেশে মারণ বিস্ফোরক!

পুলিশের বক্তব্য অনুযায়ী, ডিন্ডোরি ও আশপাশের কিছু গ্রামীণ এবং আদিবাসী এলাকায় বুনো শুয়োর শিকারের জন্য এই ধরনের দেশি বিস্ফোরক ব্যবহার করা হয়। আতসবাজি বা পাথর খাদানে ব্যবহৃত বারুদ দিয়ে ময়দা বা আটার গোলকের মতো বস্তু তৈরি করা হয়। বাইরে থেকে দেখতে তা সাধারণ খাবারের মতো মনে হতে পারে।তবে কীভাবে ওই বিস্ফোরক রাজেন্দ্রর মুখে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। নিছক মজা করার উদ্দেশ্যে তাঁর মুখে সেটি দেওয়া হয়েছিল, নাকি তাঁকে হত্যা করার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ আধিকারিক রেখা সিং সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ঘটনার পিছনে প্রকৃত উদ্দেশ্য এখনও নিশ্চিত করা যায়নি।

বন্ধুর বিরুদ্ধে মামলা

ঘটনায় রাম ভগত বারোতিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে, যা খুনের সমতুল্য নয়।দীপাবলির আনন্দের রাতে বন্ধুর সঙ্গে হাসি-ঠাট্টার পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে, তা ভাবতেও পারেননি কেউ। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে ছিল অন্য কোনও উদ্দেশ্য—সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশি তদন্ত।

তথ্যসূত্র- ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *