CycloneAkvan
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে খুব শীঘ্রই ভয়ংকর রূপ ধারণ করতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৭ নভেম্বরের মধ্যে এটি একটি তীব্র ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) পরিণত হতে পারে। ‘আকভান’ নামের এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এবার পড়তে চলেছে বাংলায়। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ১৯ থেকে ২১ নভেম্বর উপকূলবর্তী দুই জেলা—দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে লাগাতার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার বেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বর্তমান মনোরম আবহাওয়া ও শীতের আমেজ পুরোপুরি হারিয়ে যেতে চলেছে। আগামী ১৮ নভেম্বর থেকেই দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।অন্যদিকে, এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার আগে তামিলনাড়ুর উত্তর উপকূল, পুদুচেরি ও কারাইকাল এলাকায় ব্যাপক প্রভাব ফেলছে। চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চীপুরম ও কন্যাকুমারী সহ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে।
