সার্চিং যেন মহারণের মার্চিং!
আর দেড় ঘণ্টারও কম সময় বাকি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ।
কে হাসবে শেষ হাসি? ভারত নাকি অস্ট্রেলিয়া? মীমাংসা হবে আজ। ২ দেশের মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। উদ্দীপনা চূড়ান্ত।
শীর্ষে পৌঁছনো এমন এক উন্মাদনাকে মাথায় রেখে অ্যানিমেশনে ডুডল সাজালো গুগল। দেখা যাচ্ছে, Google-এর দ্বিতীয় ‘ও’ (o)-এর জায়গায় ঘুরছে খোদ বিশ্বকাপ! আর ‘এল’ (l) হয়ে গিয়েছে ঘুরন্ত ক্রিকেট ব্যাট! আশপাশে সুনীল আকাশ। দু’দিকে পেঁজা তুলোর মতো টুকরো মেঘ। আতশবাজির উদ্ভাস। নীচে স্টেডিয়াম।

এখানেই শেষ নয়। কোনও তথ্য খুঁজলে, প্রাসঙ্গিক ফলাফল দেখানোর সময় ‘এল’ (l)-ব্যাটের সঙ্গে দ্বিতীয় ‘ও’ (o)-এর জায়গায় শোভা পাচ্ছে ক্রিকেট বল!

জনপ্রিয় সার্চ ইঞ্জিনটিতে বিভিন্ন বুদ্ধিদীপ্ত সৃজনশীলতায় প্রায়শ উদযাপিত হয় বিশেষ-বিশেষ দিনের মাহাত্ম্য। আজ কেবলই ক্রিকেট!
