হামলার ছক? নিশানায় কারা?
বেলা সবে কিছুটা গড়িয়েছে। মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে তখন দিনের ব্যস্ততা বাড়তে শুরু করেছে। হঠাৎ অজানা নম্বর থেকে একটা ফোন কল! রিসিভ করতেই উল্টো দিক থেকে ভেসে এলো পুরুষকণ্ঠ। গলার স্বর শুনে যুবক বলে মনে হয়। কিন্তু এ বলে কী! হকচকিয়ে গেলেন পুলিশ আধিকারিক। ইঙ্গিতে সহকর্মীকে নির্দেশ দিলেন কল ট্র্যাক করার।
না। এটা কোনও থ্রিলারের চিত্রনাট্য নয়। তবে ‘জটায়ু’সুলভ নাম দেওয়াই যায়— মঙ্গলে অমঙ্গল! আসলে ঘোর বাস্তব। এমনটাই ঘটেছে আজ।
কিন্তু ফোনে পুলিশ আধিকারিককে কী বলছিল যুবক? শুনলে তাজ্জব বনে যাবেন। এএনআই (ANI) সূত্রে খবর, নিজের পরিচয় সে দিয়েছে— দাউদ ইব্রাহিমের দলের সদস্য! আর ফোন কলে তার শাসানি ছিল প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুন করার। দল নাকি ওঁদের উপর বোমা মারার নির্দেশ দিয়েছে তাকে!

প্রাথমিক বিস্ময় কাটিয়ে, তড়িঘড়ি তদন্তে নেমে পড়ে মুম্বই পুলিশ (Mumbai Police)। এমন শাসানিকে তো আর উপেক্ষা করা যায় না! মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে তদন্তকারীরা পৌঁছে যান সিয়নে (Sion)। এরপর অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি। ধরে পড়ে বাছাধন। সংবাদ সংস্থা এনআই মাধ্যমে জানা যাচ্ছে, অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এই ঘটনাকে হালকা ভাবে নিচ্ছেন না তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে, অভিযুক্ত যুবকের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর কোনও প্রকার যোগাযোগ আছে কিনা! দেখা হচ্ছে, অতীত অপরাধের কোনও ইতিহাস আছে কিনা যুবকের।
