রাজস্থানে নতুন ‘ভজন’

মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি…

অবশেষে রাজস্থানে (Rajasthan) মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি (BJP)। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা (bhajanlal Sharma)। নির্বাচনের ফল ঘোষণার পর নাম ঘোষণায় এত বিলম্ব নিয়ে আগেই সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস। হেরো দলের সেই সমালোচনাকে গায়ে না মেখে, সময় নিয়ে সবদিক দেখে শুনে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার নীতি নিয়েছিল গেরুয়া শিবির। কেন তাদের এতটা সর্তকতা, তা বোঝা গেল নাম ঘোষণার পর। রাজস্থানে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার বসুন্ধরা রাজেকে (Vasundhara Raje) বিমুখ করার কাজটা অত সোজা ছিল না, নিশ্চয়ই। এর আগে – ২০০৩ থেকে ২০০৮ এবং ২০১৩ থেকে ২০১৮ – দুই টার্মের মুখ্যমন্ত্রী তিনি।

কিন্তু এবার তৃতীয়বারের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে তাঁকে বসালো না বিজেপি। পরিবর্তে ঘোষণা করা হল ভজনলাল শর্মার নাম। বসুন্ধরার অভিজ্ঞতার নিরিখে ভজনলালের রাজনৈতিক কেরিয়ার নিতান্ত নস্যি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সাঙ্গানের (Sanganer) থেকে জিতে সবে প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। তবে বিজেপি তাঁর সাংগঠনিক প্রতিভাকে মূল্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছে বলে মত বিশেষজ্ঞদের। মুখ্যমন্ত্রী পদে আরেক দাবিদার হিসেবে শোনা গিয়েছিল দিয়া কুমারীর (Diya Kumari) নাম। বিজেপির ঘোষণা মোতাবেক, এবার তাকে উপমুখ্যমন্ত্রী হয়েই সন্তুষ্ট হতে হচ্ছে।

রাজস্থানে বিজেপির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরপরই রাজনৈতিক বোদ্ধারা শুরু করেছেন কাটাছেঁড়া। কোন অংকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে এমন নাম ঘোষণা করল গেরুয়া শিবির, তা ব্যাক ক্যালকুলেশন করে মেলাতে চাইছেন বিশ্লেষকরা। স্বভাবতই তাতে বিস্তর গোঁজামিল থেকে যাচ্ছে। আমরা সে’পথে না হেঁটে শুধু এইটুকুই বলতে পারি, পদ্মপাতায় টলমলে বেদনার জল ভারী বই হালকা হচ্ছে না। মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতা অটুট রেখেও কুরসি হারিয়েছেন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। রাজস্থানে ‘সাধনা মিটিল আশা না পুরিল’ বসুন্ধরা রাজের। এককথায়, রাজ থেকে রাজে – হতাশাই বাজে!