পাঞ্জাবে ব্যালট পেপারে পুরভোট, ইভিএম ব্যবহারের দাবি বিজেপির

MunicipalElection in Punjab

পাঞ্জাবে আসন্ন পুরসভা ও পুরনিগম নির্বাচন এবার ইভিএমের বদলে ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত ঘোষণার পরেই রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায় আম আদমি পার্টি সরকার ইচ্ছাকৃতভাবে ব্যালট পেপার পদ্ধতি চালু করছে, যাতে ভোট গণনায় কারচুপির সুযোগ থাকে। পাঞ্জাব বিজেপি সভাপতি সুনীল জাখরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ইভিএম ব্যবহারের দাবি জানায়।

অন্যদিকে, আম আদমি পার্টি পাল্টা দাবি করেছে, বিজেপি আসন্ন নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই এই ইস্যুতে বিতর্ক তৈরি করছে। পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই ব্যালট পেপারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ ইভিএমের অভাব। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ কমল চৌধুরী জানিয়েছেন, ইভিএম সরবরাহকারী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় যন্ত্র দিতে পারেনি। কারণ ওই ইভিএমগুলি তখন পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে নির্বাচনী কাজে ব্যবহৃত হচ্ছিল।

কমিশনের বক্তব্য, দেরিতে ইভিএম হাতে পেলে সেগুলি বিভিন্ন জেলায় পাঠানো, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং কারিগরি প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যেত না। ফলে ২৬ মে নির্ধারিত নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই কারণেই ব্যালট পেপারে ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের জন্য ৪,২০০টি ব্যালট বাক্স প্রস্তুত রাখা হয়েছে এবং পাঞ্জাব পৌর নির্বাচন বিধিমালা অনুযায়ী এই পদ্ধতি সম্পূর্ণ বৈধ।