ধর্মের সীমানা ছাড়িয়ে মানবতার নিদর্শন: দুই মুসলিম ভাইয়ের হাতে শেষকৃত্য সম্পন্ন হল কল্যাণী আম্মার

Kalyani Amma’s last rites were performed by two Muslim brothers.

বিশ্বজিৎ ভট্টাচার্য

কেরল: চারটে দশক নয়, প্রায় পাঁচ দশকের দীর্ঘ সম্পর্ক। রক্ত বা ধর্মের কোনও পরিচয়ের দরকার পড়েনি, ভালোবাসা আর বিশ্বাসের সেতু গড়ে উঠেছিল প্রতিবেশীসুলভ ছোট ছোট পরিচর্যা থেকেই। কেরলের ওয়েনাড় জেলার মুপ্পাইনাদ পঞ্চায়েতের চিত্রমগিরি এলাকায় সম্প্রতি এক গভীর মানবিক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। নিঃসঙ্গ ৮৫ বছরের এক হিন্দু বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলেন দুই মুসলিম ভাই— রাজ্জাক ও সুলেমান। শুধু তাই নয়, হিন্দু শাস্ত্র ও রীতি মেনেই তাঁরা জ্বালিয়ে দিলেন চিতা। ধর্মের বেড়াজাল ভেঙে এই ঘটনায় মুগ্ধ খোদ কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনও ।

কী ঘটেছিল আসলে?

দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে রাজ্জাক ও সুলেমানের প্রতিবেশী ছিলেন কল্যাণী আম্মা। স্বামী-সন্তানহীন, আত্মীয়স্বজনহীন ওই বৃদ্ধার জীবনের শেষ অর্ধশতাব্দী জুড়েই ছিল এই মুসলিম পরিবারটি। বয়সের ভারে যখন একা হয়ে পড়েছিলেন কল্যাণী আম্মা, তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন রাজ্জাক ও সুলেমান। মায়ের মতো আগলে রেখেছিলেন তাঁকে।

প্রতিদিনের খাবার জোগাড় করা থেকে শুরু করে নিয়মিত ওষুধপত্র দেওয়া, কিংবা অসুস্থতার দিনে হাসপাতালেই ছুটে যাওয়া— সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন দুই ভাই। শুধু তাই নয়, তাঁদের পারিবারিক প্রতিটি আনন্দ-উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিলেন কল্যাণী আম্মা। দিনের পর দিন ধরে তৈরি হওয়া এই নিখাদ স্নেহের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে রাজ্জাক ও সুলেমান হয়ে ওঠেন তাঁর নিজের সন্তানের মতোই। আম্মাও জীবদ্দশায় নিজের ইচ্ছে প্রকাশ করেছিলেন— তাঁর মৃত্যুর পর যেন এই দুই ছেলেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন।

মায়ের সেই অন্তিম ইচ্ছাকেই চরম সম্মান জানিয়েছেন দুই ভাই। কল্যাণী আম্মার প্রয়াণের পর কোনো রকম দ্বিধা না করে, স্থানীয় শ্মশানে সমস্ত ঐতিহ্যবাহী হিন্দু রীতি মেনে তাঁর চিতা সাজান রাজ্জাক ও সুলেমান। নিজের হাতে তাঁরা মুখাগ্নি করেন প্রিয় ‘মাকে’।

এই মর্মস্পর্শী ঘটনা প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। আর তা দেখেই আবেগ ধরে রাখতে পারেননি কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। এক্স হ্যান্ডেলে এই ঘটনার কথা তুলে ধরে তিনি লিখেছেন, “এটাই সেই কেরল— যাকে আমি ভালোবাসি, যাঁর ওপর আমার ভরসা আছে।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “মায়ের ভালোবাসা ধর্ম দেখে না। সন্তানের কর্তব্য জাতি জিজ্ঞেস করে না। আর শোক ও ভালোবাসার রং সবার জন্য সমান।” তাঁর কথায়, কেরল এমন এক ভূমি যেখানে ভালোবাসার কোনো ধর্ম নেই, সহানুভূতির কোনো জাতি নেই, আর মানবতাই মানুষকে এক সূত্রে বেঁধে রাখে। “আমরা সবাই এক। কেরলের এই মহান আত্মা সারা ভারতকে অনুপ্রেরণা জোগাক,”— মন্তব্য মুখ্যমন্ত্রীর।

আজ যখন বিশ্বজুড়ে এবং খোদ আমাদের দেশের মাটিতেও ধর্মের নামে বিভাজন, ঘৃণা ও বিদ্বেষের বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে, তখন ওয়েনাড়ের এই দুই ভাইয়ের মানবিক উদ্যোগ এক আলোর দিশারি। ধর্ম, জাত বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু মানুষ ও মানবতার মেলবন্ধন কীভাবে সমস্ত দূরত্ব মুছে দিতে পারে, রাজ্জাক ও সুলেমান সেটাই প্রমাণ করে দিলেন। এক বয়স্ক মায়ের অন্তিম ইচ্ছাকে রক্ষা করে তাঁরা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা শুধু কেরল কেন, সমগ্র দেশের কাছেই এক উজ্জ্বল মানবতার পাঠ হয়ে রইল।

তথ্যসূত্র- দি প্রিন্ট, মুসলিম মিরর, ডেকান কর্নিকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *