বৃষ্টিতে ভেস্তে যাওয়া ফাইনালে রানরেটে পাকিস্তান চ্যাম্পিয়ন, পুরস্কার বিতরণী বয়কট ভারতের

Pakistan crowned champions on net run rate; India boycotts prize distribution ceremony

নিজস্ব প্রতিবেদন

ঢাকা: বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে যাওয়ার পর রানরেটের ভিত্তিতে পাকিস্তানকে একক বিজয়ী ঘোষণার প্রতিবাদে মেনস ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করল ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল। এই সিদ্ধান্তকে ‘আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের ফল প্রভাবিত করার অগ্রহণযোগ্য চেষ্টা’ বলে তীব্র নিন্দা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই)।

সোশ্যাল মিডিয়া পোস্ট ও আনুষ্ঠানিক বিবৃতিতে সিএবিআই দাবি করেছে, ফাইনাল না খেলেই পাকিস্তানকে ট্রফি তুলে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (ডব্লিউবিসিসি) টেকনিক্যাল কমিটি প্রাথমিকভাবে ভারত ও পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণায় সম্মত হয়েছিল। কিন্তু ডব্লিউবিসিসির সভাপতি তথা পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (পিবিসিসি) সভাপতি সুলতান শাহ টেকনিক্যাল কমিটির সেই সিদ্ধান্ত অগ্রাহ্য করেন। সিএবিআইয়ের আরও অভিযোগ, টেকনিক্যাল কমিটির ডিরেক্টর ও পিবিসিসি সভাপতি ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের প্রভাবিত করে পাকিস্তানের পক্ষে রায় দিতে বাধ্য করেন, যা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

সিএবিআইয়ের মতে, টুর্নামেন্টের কারিগরি নিয়মাবলির ২৭ নম্বর ধারায় ফাইনাল টাই হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং ভারত-পাকিস্তানকে যৌথ বিজয়ী হিসেবেই স্বীকৃতি দেওয়া উচিত।সিএবিআই প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতীয় দলের অধিনায়ক টি দুর্গা রাও বলেন, “ফাইনালে রেফারি আমাদের ডেকে জানান, রানরেটের ভিত্তিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন এবং আমাদের রানার্স-আপ ঘোষণা করা হচ্ছে। আমরা এর বিরোধিতা করেছি, কারণ এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আগে যখনই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তখন দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হয়েছে। এটি সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ এবং আমরা এরই প্রতিবাদ জানাচ্ছি।”এই বিতর্কের জেরে চূড়ান্ত মঞ্চে প্রতিবাদের সুর চড়ালেও ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যৌথ চ্যাম্পিয়নশিপের দাবিতে তারা অনড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *