Supreme Court on SIR List
বিশেষ প্রতিবেদন
বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে আগামী নির্বাচনে তাদের বাংলার বিধানসভা নির্বাচনে ভোটাধিকারের কার্যত আশা নেই। এবং যাদের আপিল এখনো অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন, তাদের অন্তর্বর্তীকালীন ভোটাধিকার দেওয়ার আবেদন মানা সম্ভব নয় বলে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে। তবে চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হয়নি।
সুপ্রীম কোর্টে শুনানির সময় তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ ব্যানার্জী আবেদন করে বলেন , প্রায় ১৬ লক্ষ আপিল দাখিল হয়েছে এবং তাদের বাংলার দুই দফার বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক। জবাবে সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “এটা সম্পূর্ণভাবেই অসম্ভব। আমরা যদি এটা অনুমতি দিই, তাহলে সবার ভোটাধিকার স্থগিত করতে হবে।”
অন্যদিকে, আবেদনকারীরা দাবি করেন, নির্বাচন কমিশনের “ফ্রিজিং ডেট” বাড়ানো উচিত। তাদের আইনজীবী বলেন, “আমাকে যদি যুক্তি তোলার সুযোগই না দেওয়া হয়, তাহলে এর অর্থ কী? এই আপিলগুলো কি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি হবে, নাকি শুধু বাড়তেই থাকবে?”
বিচারপতি জয়মাল্য বাগচি নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতার কথা উল্লেখ করে বলেন, “আপনি যে দেশে জন্মেছেন, সেখানে ভোটাধিকার শুধু সাংবিধানিক নয়, আবেগের বিষয়ও। এটি গণতন্ত্রের অংশ হওয়া এবং সরকার গঠনে অংশ নেওয়ার অধিকার। একই সঙ্গে বিচারপতি বাগচী বলেন, প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালগুলিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। “আমাদের যথাযথ প্রক্রিয়ার অধিকার রক্ষা করতে হবে। ভোটার যেন দুই সাংবিধানিক কর্তৃপক্ষের মাঝে আটকে না পড়েন।”
