বাংলার পরিবর্তনের বাজেট: ১ লক্ষ চাকরি, ডিএ বৃদ্ধি ও ভাতা বাড়ানোর একাধিক ঘোষণা

Bengal Budget-2020

নিজস্ব প্রতিবেদন:

রাজ্যের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি, সরকারি পরিষেবা শক্তিশালী করা এবং নিম্ন ও মধ্য আয়ের কর্মীদের আর্থিক সুরাহা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি রাজ্য সরকারের।

সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে রয়েছে আগামী এক বছরের মধ্যে ১ লক্ষ শূন্যপদ পূরণের পরিকল্পনা। সরকারের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে শূন্য থাকা পদগুলি ধাপে ধাপে পূরণ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে।

সরকারি কর্মীদের জন্য ডিএ-তে বড় বৃদ্ধি

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ২০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে ডিএ। দীর্ঘদিন ধরে ডিএ-সংক্রান্ত বিতর্ক ও আন্দোলনের আবহে এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্যও ২০ শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সরকার জানিয়েছে, এই দুই সিদ্ধান্তই আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় স্বস্তি

গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবার সঙ্গে যুক্ত আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এই কর্মীরা। বাজেটের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও হোমগার্ডদের ভাতা বৃদ্ধি

রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজে যুক্ত সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং হোমগার্ডদের ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি করার কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে। মাঠপর্যায়ে কর্মরত এই বাহিনীগুলির দীর্ঘদিনের দাবি পূরণে সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্যারা টিচারদের জন্য বাড়তি ৫ হাজার টাকা

শিক্ষাক্ষেত্রেও আর্থিক সহায়তার ঘোষণা এসেছে। প্যারা টিচারদের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।

পরিবহণ ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর

রাজ্যের পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত স্টেট ট্রান্সপোর্টের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করে ১৬ হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে। এতে পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত বহু কর্মী সরাসরি উপকৃত হবেন।

বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থান, ভাতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবা খাতে মানবসম্পদ বাড়ানোর লক্ষ্যে এই বাজেট একাধিক বার্তা দিয়েছে। একদিকে যেমন চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের দরজা খুলছে, অন্যদিকে সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক স্বস্তি দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

এখন নজর থাকবে, ঘোষণাগুলির বাস্তবায়ন কত দ্রুত শুরু হয় এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগোয় তার উপর।