লোকসভা ও সব রাজ্য বিধানসভা ভেঙে দিয়ে ব্যালট পেপারে নির্বাচন করান: মল্লিকাৰ্জুন খাড়গে

Kharge demands dissolution of Lok Sabha and all Legislative Assemblies

নিজস্ব সংবাদদাতা: দেশের বর্তমান সমস্ত নির্বাচনকে ‘অবৈধ’ বলে দাবি করে লোকসভা ও সমস্ত রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার জোরালো দাবি তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকাৰ্জুন খাড়গে। শনিবার কালবুরাগিতে এক সাংবাদিক বৈঠকে খাড়গে বলেন, বর্তমান সরকার অবৈধ উপায়ে দেশ চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। তাই অবিলম্বে এই সরকারগুলিকে ভেঙে দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে নতুন নির্বাচন করানোর দাবি জানান তিনি।

এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর অপব্যবহার নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় বহু অসঙ্গতি রয়েছে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব, অশিক্ষিত, শ্রমিক ও সংখ্যালঘু মানুষ। তাঁর অভিযোগ, শাসক দলের লোকজন ও আরএসএস ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বুথ থেকে গরিব মানুষের নাম বাদ দিচ্ছে এবং ভোটার তালিকা থেকে হাজার হাজার ভোট সরিয়ে দেওয়া হচ্ছে।

গণতন্ত্র রক্ষার্থে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে। খাড়গে জানান, গত ৩০ সেপ্টেম্বর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী ৬ অক্টোবর দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। দেশের গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি নিয়ে এই আন্দোলন দেশজুড়ে চলবে বলে জানান তিনি।