পৌঁছল রোবটিক্স টিম, কাজ হবে?
উত্তরকাশীর নির্মীয়মাণ সিলকারা সুড়ঙ্গে এখনও আটকে শ্রমিকরা। এএনআই সূত্রে খবর, আজ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ডিআরডিও রোবটিক্স মেশিন টিম। তাতে উদ্ধারকাজ নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে। এএনআইয়ের সাংবাদিককে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ জানিয়েছেন, অবস্থা এখনও অনুকূল। সুড়ঙ্গের ভিতরের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে রোবটিক্স টিম। তবে সময়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, মত বিশেষজ্ঞের।
নির্মাণের সময় হঠাৎ পাথর ভেঙে পড়ায়, গত ৮ দিন ধরে সিলকারা সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। উদ্ধারকারী সংস্থার বহু কর্মী ও ভারতীয় সেনার অভিজ্ঞতাসম্পন্ন জওয়ানরা কাজ করছেন সেখানে। কিন্তু হিমালয়ের প্রস্তরময় ভূপ্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে।
উদ্ধার কাজের গতি নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত শনিবার আবার যান্ত্রিক গোলযোগের কারণে কাজ বন্ধ ছিল। আটকে পড়া শ্রমিকদের আত্মীয় ও শুভানুধ্যায়ীরা ধৈর্য হারাতে শুরু করেছেন। সেটা অস্বাভাবিকও নয়। বরং তাঁদের দিক থেকে অসহিষ্ণুতাই এখন স্বাভাবিক প্রতিক্রিয়া, বলা যায়।
আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ এএনআইকে জানিয়েছেন, নিরাপদে শ্রমিকদের বের করে আনা প্রাথমিক কর্তব্য। রোবটিক্স সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মত তাঁর। জানা যাচ্ছে, সুড়ঙ্গের ভিতরে এখনও অক্ষতই রয়েছেন শ্রমিকরা। কিন্তু কবে তাঁরা মুক্ত বাতাসে শ্বাস নেবেন? এই অধীর প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে নিকটজনের মনে।
Image Courtesy: X
