Block CockroachJantaParty in X
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর একটি মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টেলিজেন্স ব্যুরো (IB) কেন্দ্রকে রিপোর্ট দিয়ে জানায় যে ওই অ্যাকাউন্টের কার্যকলাপ “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে উদ্বেগজনক” হয়ে উঠতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাওয়াকেই প্রশাসনের উদ্বেগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সূত্রেই তথ্য প্রযুক্তি আইনের ৬৯A ধারায় X-কে অ্যাকাউন্টটি ব্লক করার নির্দেশ দেওয়া হয়।

এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মটি খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি, X-এ কয়েক লক্ষ অনুসারী এবং ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি ফলোয়ার অর্জন করেছিল CJP।
এদিকে নতুন আপডেটে জানা গিয়েছে, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ইতিমধ্যেই “Cockroach is Back” নামে নতুন X হ্যান্ডেল চালু করেছেন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথেও হাঁটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়েও নজরদারি বাড়তে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
