অনুপম ‘বিড়ম্বনা’ অব্যাহত

কার উপর কে গোঁসা করবেন এখন?

বিজেপিকে বিড়ম্বনায় ফেলার কাজটা অব্যাহত রেখেছেন ওই দলেরই সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Haazra)। কিছুতেই দমছেন না। চলতি মাসের প্রথম সপ্তাহে তাঁর জন্য নিবেদিত ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। দুর্জনের চর্চা, রাজ্য বিজেপির অনুযোগ কানে তুলেই এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় বিজেপি নেতৃমণ্ডলীর। কিন্তু তাতে কাজের কাজ কিছু হল কি? এত কিছুর পরেও ‘দুর্মুখ’ অনুপম দলকে বিড়ম্বনায় ফেলার প্লাটফর্ম হিসেবে বেছে নিলেন সামাজিক মাধ্যম তথা ফেসবুককে। মূল পোস্টের আগে সামাজিক মাধ্যমকে মঞ্চ হিসেবে বেছে নেওয়ার যুক্তিও সাজিয়েছেন তিনি।

রবিবারের ফেসবুক পোস্টে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার বক্তব্য পরিষ্কার– দলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুধু প্রশ্রয় দেওয়া হচ্ছে না, বলা যেতে পারে, সাড়ম্বরে প্রশ্রয় দেওয়া হচ্ছে। রবিবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ চুঁচুড়ার দলীয় কর্মসূচিতে মন্তব্য করেন, ‘বিজেপি আগে ঠিক করুক, আরএসএস-বিজেপি না সিবিআই-ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি? গদ্দার বিজেপি না পুরনো বিজেপি? শুভেন্দু-বিজেপি না সুকান্ত-বিজেপি? সুকান্ত-বিজেপি না দিলীপ-বিজেপি? এগুলো আগে বিজেপি ঠিক করুক।’ এখন অনুপম হাজরার ফেসবুক পোস্ট বিজেপির অভ্যন্তরের কুণাল-চিহ্নিত টানাপোড়েনকেই সিলমোহর দিচ্ছে নাকি? শুভেন্দু-সুকান্ত-দিলীপরা কী বলেন?

Image Courtesy: Facebook/Anupam Hazra