প্রথম দফায় প্রার্থী তালিকায় নবীন প্রজন্মকে গুরুত্ব দিল কংগ্রেস, কেরলের ওয়ানাড থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল
কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল। মোট ৩৯ জনের নাম ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। এছাড়া এআইসিসি সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল (সংগঠন) আলাপ্পুঝা এবং ছত্তীশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজনন্দনগাঁও কেন্দ্র করে প্রার্থী হচ্ছেন।
কংগ্রেস প্রার্থীদের প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে কেরল থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী ঠাঁই পেয়েছেন। রাহুল গান্ধি, শশী থারুর ছাড়া কেরল থেকে ১৬জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কেরলে মোট লোকসভা আসন ২০টি।
প্রথম প্রার্থী তালিকায় এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফশিলি জাতি ও উপজাতির প্রার্থী হয়েছেন ২৪জন। বাকি ১৫জন সাধারণ শ্রেণির প্রার্থী।
এআইসিসি সূত্রের খবর, প্রথম দফায় যে ৩৯জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের ভিতর ১২জন প্রার্থীর বয়স ৫০ বছরের কম। বাকি ৮জন প্রার্থীর বয়স ৫০ থেকে ৬০-এর কম, ১২জন প্রার্থীর বয়স ৬১ থেকে ৭০ বছর এবং ৭জন প্রার্থীর বয়স ৭১ থেকে ৭৬ বছরের ভিতর।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস নবীন প্রজন্মের নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে।
একসপ্তাহ আগে বিজেপি প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করার পর শুক্রবার কংগ্রেস ঘোষণা প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
কংগ্রেস সূত্রের খবর, কর্নাটক, তেলেঙ্গানা, ছত্তীশগড়, মেঘালয়, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম লোকসভা কেন্দ্রগুলির একাংশের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর, রাহুল গান্ধি-সহ মোট ১৮জন সাংসদ প্রথম দফার প্রার্থী তালিকায় ফের ঠাঁই পেয়েছেন। উল্লেখ্য, গত ৩ মার্চ প্রথম দফার প্রার্থী তালিকায় বিজেপি মোট ১৯৫জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
