তারিক আনোয়ার
বীরভূম ২৯ জানুয়ারি:-
আগ্নেয়াস্ত্র মামলায় এক জন এবং পুলিশের উপর হামলার ঘটনায় আরেকজনের পুলিশি হেফাজত মনজুর করেছেন বিচারক। এছাড়াও দুটি মামলার বাকি আসামীদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। বুধবার গ্রাম ছিল কার্যত জনশূন্য। এলাকায় পুলিশি টহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার সিউড়ি থানার মিনি স্টিল এলাকার ঘটনায় দুটি পৃথক মামলার একজন করে অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন সিউড়ি আদালতের বিচারক। অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতির মধ্যে এদিন সিউড়ি আদালতে রসুলউদ্দিন আনসারী কে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। এছাড়াও এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাল্লু আনসারী পা ভাঙ্গা অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের কাজে বাধা এবং হেনস্তার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আমির আনসারী কে সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। পুলিশের পক্ষ থেকে দুজনকেই ১০ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। সিউড়ি আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী মোক্তাব হোসেন বলেন,”সিউড়ি থানার মিনি স্টিল এলাকায় গত মঙ্গলবার এর ঘটনায় দুটি পৃথক মামলায় একজন করে আসামিকে পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। বাকি আসামিদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে”।
